পাক খেলোয়াড়রা নৈপুণ্য প্রদর্শন করতে ব্যর্থ হলে দল থেকে বাদ পড়বে: শাহরিয়ার
খেলোয়াড়রা তাদের সাধ্য মত ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করতে ব্যর্থ হলে দল থেকে বাদ পড়বে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র চেয়ারম্যান শাহরিয়ার খান দলের কর্মর্তাদের এ কথা বলেন।
গত সপ্তাহে স্বাগতিক ইংল্যান্ডের কাছে সফরের দ্বিতীয় টেস্টে পাকিস্তান পরাজিত হওয়ার পর দলের কর্মকর্তাদের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে শাহরিয়ার খান ক্রুদ্ধ হয়ে এ কথা বলেন।
ইনজুরি আক্রান্ত ইংল্যান্ড দলের বিরুদ্ধে টেস্ট ম্যাচটিতে পাকিস্তান তিন দিনের মধ্যেই পরাজিত হয় যা ইংল্যান্ডের মাটিতে তাদের সব চেয়ে বাজে ক্রীড়া নৈপুণ্য। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের কাছে এক ইনিংস ও ১২০ রানে পরাজিত হয় সফরকারী পাকিস্তান দল।
দ্বিতীয় টেস্টে পাকিস্তান দল পরাজিত হওয়ার পর শাহরিয়ার খান দলের কর্মকর্তাদের সাথে আলোচনার সময় জানান, দলের সিনিয়র খেলোয়াড়সহ অন্যান্য খেলোয়াড়রা যদি জাতীয় দলে খেলতে চায় তাহলে তাদের নৈপুণ্য প্রদর্শন করতে হবে।
ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ দেখার জন্য শাহরিয়ার খান ইংল্যান্ডে অবস্থান করছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
পাকিস্তানের খেলোয়াড়রা ইংল্যান্ড সফরে বাজে নৈপুণ্য প্রদর্শন করছে এবং আসন্ন টেস্ট ম্যাচগুলোতেও খেলোয়াড়রা উন্নতি করতে না পারলে দলের তাদের স্থান টিকিয়ে রাখা কঠিন হবে বলেও মন্তব্য করেন শাহরিয়ার খান।
