বিশ্বকাপ ক্রিকেটের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে ভারত
২০০৭ সালের আইসিসি বিশ্বকাপ ক্রিকেট আসরের আগে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজের আয়োজন করবে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই তথ্য জানায়।
রাজকোট থেকে বিসিসিআই’এর সেক্রেটারি নিরঞ্জণ শাহ বলেন, “শ্রীলঙ্কা দল ইতোমধ্যেই টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পাকিস্তান সফর শেষে ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্টে যোগ দিবে।”
আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে ওয়েস্ট ইন্ডিজে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হবে। খবর বিভন্ন বার্তা সংস্থার।
এদিকে সিঙ্গাপুর ও মালয়শিয়ায় অনুষ্ঠেয় যে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজটি মুলতবি করা হয়েছে তা ১৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজন করা হতে পারে বলে শাহ জানান।
সিঙ্গাপুর ও মালসিয়ায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে ভারত ও অস্ট্রেলিয়া দলের অংশ গ্রহণ নিশ্চিত হলেও ওয়েস্ট ইন্ডিজ দলের অংশ গ্রহণ এখনও নিশ্চিত হয়নি। তবে এ সপ্তাহের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ এ বিষয়ে নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে বলে জানান শাহ।
