২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহাদাতের হ্যাট্রিক সত্বেও মাশরাফির বাজে বোলিংয়ে জিম্বাবুয়ের কাছে হার মানলো বাংলাদেশ

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে তৃতীয় একদিনের ক্রিকেট ম্যাচে শাহাদাতের হ্যাট্রিক সত্বেও স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ২ উইকেটে হেরে গেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2006, 10:20 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

শেষ ওভারে মাশরাফির চরম ব্যর্থতায় এক ওভারেই ১৭ রান তুলে নিয়ে অবিস্মরনীয় এই জয় ছিনিয়ে নিলো জিম্বাবুয়ে।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৯ ওভারে আফতাব আহমেদ ও রাজিন সালেহ’র অর্ধশতকের উপর ভর করেসবকটি উইকেট হারিয়ে ২৩৬ রান করে। রাজিন সর্বোচ্চ ৫৪ রান করেন। আফতাব তার ঝড়ো ইনিংসে মাত্র ৩৯ বলে ৭ টি চার ও ২ টি ছয়ের সাহায্যে ৫৩ রান করেন। আশরাফুল ৪ রানের জন্য তার অর্ধশতক থেকে বঞ্চিত হন। 

২৩৭ রানের টার্গেট তাড়া করতে গিয়ে বেশ ভালোভাবেই শুরু করে জিম্বাবুয়ে ।  খেলার ৩৩ ওভারে ৪ টি উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে তারা। এরপর দলীয় ৩৯ ওভারে শাহাদাতের হ্যাট্রিকের মধ্য দিয়ে খেলায় ফিরে আসে বাংলাদেশ। শাহাদাৎ দলীয় ৩৯ ওভারে পরপর তিন বলে জিম্বাবুয়ের মুফাম্বিসি, চিগুমবুরা ও অধিনায়ক প্রসপার উৎসেয়াকে আউট করে প্রথম বাংলাদেশী হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন।

কিন্তু তাতেও শেষরক্ষা হলো না বাংলাদেশের। মাশরাফির শেষ ওভার দুঃস্বপ্নের মতো এলোমেলো করে দিল বাংলাদেশের জয়ের স্বপ্নকে। খেলার শেষ এই ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১৭ রান আর বাংলাদেশের ২ টি উইকেট। এই যুদ্ধে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশী থাকলেও অসম্ভবকে সম্ভব করে জয় ছিনিয়ে নিয়েছেন জিম্বাবুয়ের অল রাউন্ডার  টেইলর। প্রথম ৫ বলে ১২ রান তুলে নেন তিনি। খেলার শেষ বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রানের। মাশরাফির বাজে বোলিংয়ের সুযোগ নিয়ে শেষ বলে একটি বিশাল ছক্কা হাঁকিয়ে অবিস্মরনীয়  জয় ছিনিয়ে নিয়ে যান ৭৯ রানে অপরাজিত থাকা টেইলর।