যুবক ফোন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্যায়ে জয়পুরহাট
যুবক ফোন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের যমুনা অঞ্চলের চূড়ান্ত খেলায় স্বাগতিক জয়পুরহাট জেলা ১-০ গোলে রাজশাহী জেলাকে পরাজিত করে চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
এর আগে ঢাকা জেলা, মাগুরা জেলা, খুলনা জেলা, কুমিল্লা জেলা, টাঙ্গাইল জেলা, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ নৌ-বাহিনী ১২ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।
জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত যমুনা অঞ্চলের এই ফাইনাল খেলায় জয়পুরহাটের ওয়াহিদুল ইসলাম খেলার ১৯ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন।
এদিকে বান্দরবান স্টেডিয়ামে অনুষ্ঠিত কর্ণফুলী অঞ্চলের সেমিফাইনাল খেলায় রাঙ্গামাটি জেলা ১-০ গোলে কক্সবাজার জেলাকে পরাজিত করে আঞ্চলিক ফাইনালে উঠেছে। খেলার ৬৬ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন রাঙ্গামাটির স্ট্রাইকার আর্যদ্বীপ দেওয়ান।
শুক্রবার গাইবান্ধা স্টেডিয়ামে তিস্তা অঞ্চলের ফাইনালে স্বাগতিক গাইবান্ধা জেলা ঠাকুরগাঁও জেলার মুখোমুখি হতে যাচ্ছে। একই দিনে বান্দরবন স্টেডিয়ামে কর্ণফুলী অঞ্চলের ফাইনালে নোয়াখালী জেলার মুখোমুখি হতে যাচ্ছে রাঙ্গামাটি জেলা।
