লেবানন থেকে আরও ৭৩ জন বাংলাদেশী ঢাকায় পৌঁছেছেন
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৭৩ জন বাংলাদেশীকে নিয়ে সোমবার সকালে ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় এসে পৌঁছেছে।
আইওএম’র কর্মকর্তারা জানান, বাংলাদেশীরা প্রথমে লেবানন থেকে দুবাই যান এবং সেখান থেকে সিরিয়া হয়ে সকাল ৮ টার দিকে ঢাকায় পৌঁছেন।
এর আগে রোববার সকালে ইত্তেহাদ ও কাতার এয়ারওয়েজের দুটি ফ্লাইটে ১৩২ জন বাংলাদেশী লেবানন থেকে দেশে ফিরে আসেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের ফিরিয়ে আনার যাবতীয় খরচ বহন করছে। এ ছাড়া আইওএম তাদের প্রত্যেককে ৩ হাজার ২৫০ টাকা করে প্রদান করেছে। অন্যদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে দিয়েছে।
আইওএম এবং অভিবাসন কর্মকর্তারা জানান, আরও বাংলাদেশী দেশে ফেরার অপেক্ষায় দুবাই, দামেস্ক ও কাতারে অপেক্ষা করছে। শিগগিরই তারা ঢাকায় পৌঁছবে।
জানা গেছে, লেবানন থেকে বিভিন্ন দেশের প্রচুর সংখ্যক লোক সিরিয়ায় আশ্রয় নেওয়ায় ফ্লাইট সংকট দেখা দিয়েছে।
যুদ্ধ শুরুর আগে ১০ থেকে ১২ হাজার বাংলাদেশী লেবাননে ছিল। লেবাননে কর্মরত বাংলাদেশীদের অনেকেই জর্ডান হয়ে লেবাননে গিয়েছিলেন এবং এদের অনেকেরই কোনও পাসপোর্ট নেই।
আইওএম সূত্র জানায়, যাদের পাসপোর্ট নেই তাদের জন্য আইওএম ভ্রমণ পাসপোর্টের ব্যবস্থা করেছে।
ফিরে আসা বাংলাদেশীদের অনেকেই জানান, লেবানন ত্যাগের আগে তারা তাদের আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করতে পারেননি। ফিরে আসার সময় তারা মারাত্মক অনিশ্চয়তার মধ্যে ছিলেন।
