আঙ্গুলের ইনজুরির ফলে বাশার জিম্বাবুয়ে ও কেনিয়ায় মাঠের বাইরে থাকবেন
বাম হাতের বৃদ্ধাঙ্গুলে ইনজুরির কারণে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে জিম্বাবুয়ে ও কেনিয়া সিরিজে মাঠের বাইরে থাকতে হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার জানায় বাশারকে আগামী চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
জিম্বাবুয়ের বিরুদ্ধে অবশিষ্ট তিনটি ম্যাচ ও কেনিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসেবে উইকেট রক্ষক খালেদ মাসুদ পাইলটকে দায়িত্ব দিয়েছে বিসিবি।
গত রবিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় স্লিপে সিবান্দার ক্যাচ তালুবন্দি করতে গিয়ে বাশার আঙ্গুলে আঘাত পান।
এক্সরে রিপোর্টে বাশারের বাম হাতের বৃদ্ধাঙ্গুলের হাড়ে সামান্য চীড় দেখা গেছে এবং এজন্য তাকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে। দেশে না ফিরে দলকে উৎসাহ দিতে বাশার দলের সাথেই থাকবেন।
