জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্যায়ে খুলনা ও কুমিল্লা
মেঘনা ও সুরমা জোনের চ্যাম্পিয়ন হিসেবে যুবক ফোন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে খুলনা ও কুমিল্লা জেলা।
ইতিপূর্বে ঢাকা জেলা, মাগুরা জেলা, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ নৌ-বাহিনী ১২ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।
পিরোজপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত মেঘনা জোনের ফাইনাল খেলায় খুলনা জেলা বরিশাল জেলাকে ২--০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হবার এই গৌরব অর্জন করে। খুলনার মঞ্জুরুল আলম রিপন এবং আমিনুল ইসলাম রিপন এই গোল দুটি করেন।
অন্যদিকে হবিগঞ্জ স্টেডিয়ামে সুরমা জোনের ফাইনালে কুমিল্লা ১--০ গোলে মৌলভিবাজার জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কুমিল্লার পক্ষে খেলার ৮০ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন হুমায়ুন কবির মঈন।
এদিকে স্বাগতিক জয়পুরহাট ৩--১ গোলে নাটোর জেলাকে হারিয়ে জোনাল ফাইনালে উঠেছে। জয়পুরহাটের মাহবুব ২ টি এবং পবন ১ টি গোল করেন। নাটোরের পক্ষে একমাত্র গোলটি করেন তানভীর। জয়পুরহাট বুধবার রাজশাহী ও বগুড়[ার মধ্যে বিজয়ী দলের সাথে ফাইনাল খেলায় অংশ নেবে।
গাইবান্ধা স্টেডিয়ামে অপর খেলায় ঠাকুরগাঁও জেলা দিনাজপুর জেলাকে টাইব্রেকারে ৬--৫ গোলে পরাজিত করে জোনাল সেমিফাইনালে উঠেছে।
বান্দরবন স্টেডিয়ামে কক্সবাজার জেলা লক্ষীপুর জেলাকে ৫--০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে জোনাল সেমিফাইনালে পৌঁছেছে। কক্সবাজারের পক্ষে চৌমরিং মারমা ২ টি এবং সেলিম, মাসুদ এবং ইসমাইল ১ টি করে গোল করেন।
