লংকা ক্রিকেট বোর্ডের নতুন কমিটির জন্য রানাতুঙ্গার নাম সুপারিশ করেছে সাবেক ক্রিকেটাররা
শ্রীলংকার সাবেক ক্রিকেটাররা দেশের ক্রিকেটের উন্নয়নে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের জন্য অর্জুনা রানাতুঙ্গাসহ সাবেক চারজন ক্রিকেটারের নাম সুপারিশ করেছে। শনিবারের নির্বাচন বাতিল হয়ে যাওয়ার পর সাবেক ক্রিকেটাররা এই চারজনের নাম সুপারিশ করে।
সম্প্রতি লংকা ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও রাষ্ট্রপতি মাহেন্দ্র রাজাপাকশে’র অনুরোধে নির্বাচন বাতিল করা হয়। রাজাপাকশে লংকার সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি অর্ন্তবর্তীকালীন ক্রিকেট কমিটি গঠনের প্রস্তাব করার পর এই নির্বাচন অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন কমিটির জন্য রানাতুঙ্গার সাথে সাবেক দুই টেস্ট ব্যাটসম্যান সিদ্ধর্থ উট্টিমুনি ও কিন ডি অ্যালউইস এবং সাবেক ফাস্ট বোলার প্রমোদ বিক্রমাসিংহ’র নাম সুপারিশ করা হয়েছে।
দেশের বর্তমান উপ পর্যটনমন্ত্রী রানাতুঙ্গা জানান, এই চারজন সাবেক ক্রিকেটারের নাম সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি রাজাপাকশে আগামী সপ্তাহের মধ্যেই নতুন কমিটির নাম ঘোষনা করবেন বলে রানাতুঙ্গা আশা প্রকাশ করেছেন।
রানাতুঙ্গা জানান, লংকার ক্রিকেট বোর্ডের দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী জয়ন্ত ধর্মদাসা এবং মোহন ডি সিলভা’র সাথে রাষ্ট্রপতি কথা বলে তাদের উভয়কেই চেয়ারম্যান হিসেবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। রাজাপাকশে বোর্ডের কোষাধ্যক্ষ হিসেবে একজন সৎ ও নিরপেক্ষ ব্যাক্তিকে নিযুক্ত করার প্রস্তাবকেও সমর্থন জানিয়েছেন।
লংকা ক্রিকেট বোর্ডের অর্ন্তবর্তীকালীন চেয়ারম্যান ধর্মদাসা রাষ্ট্রপতি রাজাপাকশের নির্বাচন বাতিলের সিদ্ধান্তকে মেনে নিয়ে কো -চেয়ারম্যান হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং গুরুত্বপূর্ণ পদগুলোতে অর্জুনা রানাতুঙ্গা, উট্টিমুনি ও কিন ডি অ্যালউইস এবং প্রমোদ বিক্রমাসিংহ’র মতো সাবেক ক্রিকেটারদের অন্তর্র্ভুক্তির ব্যাপারটি সমর্থন করেছেন।
অপর চেয়ারম্যান প্রার্থী মোহন ডি সিলভা নির্বাচন বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ করলেও নতুন এই কমিটিতে যোগ দেওয়ার প্রস্তাব বিবেচনা করে দেখছেন বলে জানিয়েছেন।
