ক্রোয়েশিয়ার সাথে গোলশূণ্য ড্র করলো জাপান
জার্মানির নুরেমবার্গে বিশ্বকাপ ফুটবলের ‘এফ’ গ্র“পের তৃতীয় ম্যাচে ক্রোয়েশিয়া ও জাপানের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ন খেলাটি গোলশূণ্য ড্র হয়েছে। ফলে উভয় দেশের জন্যই দ্বিতীয় রাউন্ডে ওঠার বিয়টি আরো অনিশ্চিত হয়ে পড়েছে।
জয়ের লক্ষ্যে শুরু থেকে উভয় দলই আক্রমণাত্মক হয়ে খেলা শুরু করে। প্রথম দিকে বেশ কয়েকটি আক্রমণের সুযোগও পায় জাপান। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতার কারনে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি তারা।
ক্রোয়েশিয়ার পক্ষে গোল করার সুবর্ণ সুযোগটি আসে খেলার ১৭ মিনিটে। জাপানের পেনাল্টি বক্সের মধ্যে ক্রোয়েশিয় স্ট্রাইকার ড্যাডো প্রোসো’কে ফাউল করেন জাপানি ডিফেন্ডার মিয়ামোটো। সাথে সাথেই পেনাল্টির নির্দেশ দেন রেফারী ফ্রাংক।
কিন্তু ক্রোয়েশিয় মিডফিল্ডার ড্যারিজো’র পেনাল্টি শটটি অদ্ভুত দক্ষতার সাথে ফিরিয়ে দেন জাপানের গোলরক্ষক কাওয়াগুচি। ফলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ক্রোয়েশিয়া।
খেলার ২৭ মিনিটে গোলের আরেকটি সুযোগ হাতছাড়া হয়ে যায় ক্রোয়েশিয়ার। মিডফিল্ডার নিকো ক্রানজকার জাপানের গোলের ২৫ গজ বাইরে থেকে দর্শনীয় একটি শট নেন। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে বলটি ক্রসবারে লেগে ফিরে আসে।
ফলে দ্বিতীয়বারের মতো নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ক্রোয়েশিয়া।
এরপর প্রথমার্ধের বাকী সময়টুকু উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণের মাধ্যমে খেলা চালিয়ে যায়। কিন্তু কোনো দলই কাঙ্খিত গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের মাথায় জাপান গোল করার সুবর্ণ সুযোগটি নষ্ট করে। ডিফেন্ডার কোজি নাকাতা ক্রোয়েশিয়ার পেনাল্টি বক্সের মধ্যে চমৎকার একটি ক্রস তুলে দেন। কিন্তু স্ট্রাইকার ইয়ানাগিসাওয়া গোলরক্ষককে একা পেয়েও বলটি জালে ঢোকাতে ব্যর্থ হন।
দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়াও গোল করার বেশ কয়েকটি সুন্দর সুযোগ পায়।
কিন্তু শেষ পর্যন্ত স্ট্রাইকারদের চূড়ান্ত ব্যর্থতার জন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
ক্রোয়েশিয়া তাদের প্রথম ম্যাচে ল্যাটিন ফুটবল শক্তি ব্রাজিলের কাছে ১--০ গোলে পরাজিত হয়। অপরদিকে জাপান তাদের প্রথম খেলায় অস্ট্রেলিয়ার কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে।
ক্রেয়েশিয়া ২৩ জুন স্টুটগার্টে তাদের শেষ গ্র“প ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। একই দিনে ‘এফ’ গ্র“পের শেষ ম্যাচে জাপান মুখোমুখি হবে গ্র“পের অপর দল শিরোপা প্রত্যাশী ব্রাজিলের।
