বিশ্বকাপ খেলা দেখতে না পারায় বদরগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিস ভাংচুর
রংপুরের বদরগঞ্জে মঙ্গলবার রাতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিশ্বকাপ খেলা দেখতে না পেরে বিক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১৩ জুন) রাত ১টায় বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট- এর ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার খেলা সম্প্রচারের সময় ওই এলাকায় বিদ্যুৎ না থাকায় দর্শকরা খেলা দেখতে পারেনি। এতে কয়েকশ’ দর্শক বিক্ষুব্ধ হয়ে রাত পৌঁনে ১টার দিকে বিদ্যুৎ অফিসে হামলা চােিয় ওয়্যরলেস সেট, বৈদ্যুতিক মিটারসহ আসবাবপত্র ও টুলবক্স ভাংচুর করে। এসময় টহল পুলিশ বাধা দিতে এগিয়ে এলে মারমুখী জনতা তাদের ধাওয়া করে।
এ ব্যাপারে বুধবার দুপুরে বদরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে ডিজিএম ইনছের আলী জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলেও খেলার কথা চিন্তা করে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা চালানো হয়।
এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
