বাংলালিংক স্কুল ফুটবলে লক্ষ্মীনারায়ণ মিল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয় মঙ্গলবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইউনূস আলী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বাংলালিংক জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে।
খেলার ছয় মিনিটের মাথায় ইউনূস আলী স্কুলের শুভ গোল করে দলকে এগিয়ে নেয়। এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত পাবনার লক্ষ্মীনারায়ণ স্কুল ৩ - ১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়।
রাজীব, রাজু ও জামাল বিজয়ী দলের পক্ষে খেলার যথাক্রমে ৫২, ৫৩ ও ৭১ মিনিটের মাথায় গোল করে।
প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন লক্ষ্মীনারায়ণ স্কুল পেয়েছে দুই লাখ টাকা। আর রানারআপ দল পেয়েছে এক লাখ টাকা।
লক্ষ্মীনারায়ণের রাজু ম্যান অব দ্যা ম্যাচ বিবেচিত হওয়ায় ১০ হাজার টাকা পুরস্কার পেয়েছে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা সালামপুর দাখিল মাদ্রাসার (নাটোর) সোহেল রানা একই পরিমাণ অর্থ পেয়েছে।
টুর্নামেন্টে তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী সালামপুর দাখিল মাদ্রাসা ও ফরিদপুর উচ্চ বিদ্যালয় যথাক্রমে ৫০ ও ৩০ হাজার টাকা পেয়েছে।
স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি আব্দুর রহিম ও আনোয়ার হোসেন উজ্জ্বল এ সময় উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এ প্রতিযোগিতায় দেশের ১৬টি ভেন্যুতে সর্বমোট ১৩০টি বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে।
