যুব ক্রিকেটের সেমিফাইনালে নারায়ণগঞ্জ
ঢাকা ব্যাংক অনুর্ধ্ব ১৯ জাতীয় যুব ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে নারায়ণগঞ্জ। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে রোববার নারায়ণগঞ্জ ছয় উইকেটে চট্টগ্রামকে হারিয়ে সেমিতে খেলা নিশ্চিত করে।
চট্টগ্রামের ৩২ দশমিক পাঁচ ওভারে ১১২ রানের জবাবে নারায়ণগঞ্জ ২৯ দশমিক তিন ওভারে চার উইকেটে ১১৬ রান করে জয় ছিনিয়ে নেয়। বিজয়ী দলের হুমায়ুন সর্বোচ্চ ৪৪ রান করেন।
নারায়ণগঞ্জের তমিজউদ্দিন ১১ রান খরচায় চার উইকেট তুলে নেন।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের অপর খেলায় গাইবান্ধা ১১ রানে হারিয়েছে বাগেরহাটকে। শনিবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে গাইবান্ধা ৪৩ দশমিক চার ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান করে।
রোববার জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাগেরহাট ১১৫ রানে অলআউট হয়ে যায়।
এদিকে ফতুল্লা স্টেডিয়ামে চাঁদপুর এবং বরিশালের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে গেলে দু’দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
