রাজধানীতে নেপাল ভলিবল দল
বাংলাদেশ ভলিবল দলের বিরুদ্ধে তিনটি টেস্ট এবং চারটি প্রদর্শনী ম্যাচ খেলতে নেপালের ১৮ সদস্যের জাতীয় ভলিবল দল বুধবার ঢাকা এসে পৌঁছেছে।
বাংলাদেশ ভলিবল দল এই মুহূর্তে এসএ গেমসের জন্য প্রস্তুতি গ্রহন করছে। নেপালের বিরুদ্ধে খেলাগুলোকে প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে বলে বিডিনিউজকে জানিয়েছেন আশিকুর রহমান মিকু।
তিনি জানান, এসএ গেমসের প্রস্তুতি হিসেবে ম্যাচগুলো দু’দলের জন্যই কাজে লাগবে। এসএ গেমসের আগে বাংলাদেশ দলও নেপাল সফর করবে বলে তিনি জানান।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২৬, ২৮ ও ৩১ মে অনুষ্ঠিত হবে তিনটি টেস্ট ম্যাচ। আর গাজীপুর, নড়াইল, সাতক্ষীরা এবং ঢাকায় যথাক্রমে ২৯ মে, ১, ২ এবং ৪ জুন চারটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে ১৩ দিনের সফর শেষে নেপাল ভলিবল দল ৫ জুন দেশে ফিরে যাবে।
