শ্বাসরুদ্ধকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে এক রানে পরাজিত ভারত
কিংস্টোনের সাবিনা পার্কে সফরকারী ভারতের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এক রানের জয় পেয়েছে।
১৯৯ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১১ রান। ক্রিজে ছিলেন যুবরাজ সিং ও মুনাফ প্যাটেল। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
ম্যাচের শেষ ওভারে ক্যারিবীয় ফাস্ট বোলার ডোয়াইন ব্রাভোর প্রথম বল মোকাবেলা করে প্যাটেল এক রান নেন। যুবরাজ সিং দু’টি বাউন্ডারি হাকিয়ে জয়ের আরও নিকটে দলকে নিয়ে যান। কিন্তু তার পরেই ব্রাভোর বলে যুবরাজ বোল্ড হয়ে গেলে ওয়েস্ট ইন্ডিজ আবার ম্যাচে ফিরে আসে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রামনরেশ সারওয়ান সর্বোচ্চ ৯৮ রান করেন। কিন্তু তারপরও ইনিংস শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৯৮ রান।
ভারতীয় ফাস্ট বোলার ইরফান পাঠান ৩ টি, পাওয়ার ও আগারাকার ২ টি করে উইকেট পান।
যুবরাজ সিং ছাড়া ভারতীয় শিবিরের টপ অর্ডার ও মিডল অর্ডার উভয় ক্ষেত্রের ব্যাটম্যানরাই ব্যর্থ হন। উইন্ডিজ বোলার ব্রেডশো ৩ টি উইকেট তুলে নেন।
পাঁচ ম্যাচ সিরিজে উভয় দল একটি করে ম্যাচ জিতেছে। মঙ্গলবার সেন্ট কিটসে তৃতীয় ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত।
