ক্রিকেট বিশ্বকাপে সাফল্য পেতে পরিকল্পনা চুড়ান্ত করেছে দক্ষিণ আফ্রিকা
ওয়েস্ট ইন্ডিজে ২০০৭ ক্রিকেট বিশ্বকাপে সাফল্য পেতে এখন থেকেই ওঠেপড়ে লেগেছে দক্ষিণ আফ্রিকা। এই প্রস্তুতির অংশ হিসেবে অনুশীলনের জন্য ২৫ সদস্যের দলও চুড়ান্ত হয়ে গেছে।
দলের সাথে বিশেষজ্ঞ কোচ হিসেবে থাকবেন সাবেক ক্রিকেটার জন্টি রোডস। ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী জেরাল্ড মায়োলা বলেছেন, ভালো প্রস্তুতির জন্য এবং দলে কোন খুঁত না রাখতেই এই পরিকল্পনা করা হয়েছে।
বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকা দলের প্রস্তুতির পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করবে একটি বিশেষ নির্বাহী কমিটি। এই কমিটির সদস্য হিসেবে মায়োলা নিজেসহ রয়েছেন অধিনায়ক গ্রায়েম স্মিথ, কোচ মিকি আর্থার, প্রধান নির্বাচক হারুন লোরগাট এবং পেশাদার ক্রিকেট ম্যানেজার ভিন্স ভ্যান ডার বিল।
নির্বাহী কমিটি চাইছে দক্ষিণ আফ্রিকা দলে গ্রাউন্ডস্টাফসহ যেন প্রতিটি ক্রিকেটার যোগ্যতা সম্পন্ন হন। আর তাদের লক্ষ্যও থাকবে নির্দিষ্ট।
মায়োলা জানান, সব ধরনের দক্ষ লোক ব্যবহার করার পরিকল্পনা তাদের রয়েছে। মূলত এ জন্যই বিশ্বকাপ পর্যন্ত জন্টি রোডসকে দলের সাথে রাখা হচ্ছে।
২৫ সদস্যের আফ্রিকা দলের প্রত্যেক সদস্যকে নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করবেন ট্রেইনার অ্যাড্রিয়ান লি রোউক্স। তাছাড়া পরিকল্পনার অংশ হিসেবে ১৬ সদস্যের আরেকটি দল জুলাইতে অস্ট্রেলিয়া এমারজিং প্লেয়ার টুর্নামেন্টেও খেলবে।
বিশ্বকাপ অনুশীলনের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড:
গ্রায়েম স্মিথ, বোয়েটা ডিপেনার, হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স, জ্যাক ক্যালিস, জাস্টিন কেম্প, মার্ক বাউচার, শন পোলক, রবিন পিটারসন, অ্যান্ড্রু হল, মাখায়া এনটিনি, লুটস বোসম্যান, অ্যাশওয়েল প্রিন্স, নিকি বোয়ে, রজার টেলেমেকাস, চার্ল ল্যাংভেল্ট, গার্নেট ক্রুগার, ডেল স্টেইন, জোহান ভ্যান ডার ওয়াথ, আন্দ্রে নেল, জাস্টিন অনটং, আলফনসো থমাস, জোহান বোথা, মনডে জনডেকি, আলবে মর্কেল।
