অনুশীলনের প্রথম দিনটি ফিটনেস ট্রেনিংয়ের মধ্য দিয়ে কাটালেন ফুটবলাররা
বিকেএসপিতে শনিবার সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য শুরু হওয়া আবাসিক ক্যাম্পের প্রথম দিনটি ফিটনেস ট্রেনিংয়ের মধ্য দিয়ে কাটিয়েছেন অনুর্ধ্ব ২৩ দলের ফুটবলাররা।
আর্জেন্টাইন ট্রেইনার অ্যারিয়েল কোলম্যানের তত্ত্বাবধানে দিনের বিকেলের সেশনে ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ফুটবলারের মধ্যে ২৩ জন এই ফিটনেস অনুশীলনে অংশ নেন।
এসএ গেমস ফুটবল স্কোয়াডে ডাক পাওয়া ব্রাদার্সের চার ফুটবলার- স্ট্রাইকার এমিলি, তপু, ডিফেন্ডার সিরাজি এবং গোলরক্ষক তারেক রোববার অনুশীলনে যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে। ব্রাদার্সের এই চার ফুটবলার ভারতের মহেন্দ্র ইউনাইটেডের বিরুদ্ধে এএফসি কাপে অংশগ্রহন শেষে শনিবার সকালে দেশে ফিরেছেন। ম্যাচে ব্রাদার্স ০ -- ১ গোলে হেরেছে।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ছাইদ হাছান কানন বিডিনিউজকে জানান, ব্রাদার্সের চার ফুটবলার একদিনের বিশ্রাম শেষে রোববার আবাসিক ক্যাম্পে যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে।
কানন, আরও জানান অনুশীলনের প্রথম দুই সপ্তাহ প্রতিদিন খেলায়াড়রা সকাল ও বিকেল দুই বেলা ফিটনেস ট্রেনিংয়ে অংশ নেবেন। আর শেষ দুই সপ্তাহ উইথ দ্য বল অনুশীলনে ব্যস্ত থাকবেন ফুটবলাররা। এরপরই কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যাংকক যাবে ফুটবল দল।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক- এসএম শাকিল (আরামবাগ কেএস), আতিকুল ইসলাম তারেক (ব্রাদার্স), মাজাহারুল ইসলাম হিমেল (বাড্ডা জাগরণী)
ডিফেন্ডার- আরিফুল ইসলাম (ইয়ংমেন্স), শোয়েব হোসেন সানী (রহমতগঞ্জ), আরাফাত আলী রনি (মোহামেডান), আবুল কাসেদ (ভিক্টোরিয়া), জহুরুল ইসলাম জহির (ফরাশগঞ্জ), ইবনুল সিরাজি (ব্রাদার্স), ওয়ালী ফয়সাল (আবাহনী), রিপন খান (ইয়ংমেন্স), আতিকুল রহমান মিশু (শেখ রাসেল)
মিডফিল্ডার- আরমান আজিজি (মোহামেডান), শাহরিয়ার আব্দুল্লাহ পিন্টু (আরামবাগ), রাশেদ আহমেদ পাপ্পু (মুক্তিযোদ্ধা), জাহেদ পারভেজ চৌধুরী (আবাহনী), আব্দুল্লাহ আল পারভেজ (আবাহনী), জাহিদ হোসেন (মোহামেডান), নাসিরুল ইসলাম নাসির (বাড্ডা জাগরণী), মারুফ আহমেদ (শেখ রাসেল), ফয়সাল (আরামবাগ)
স্ট্রাইকার- জাহিদ হোসেন এমিলি (ব্রাদার্স), মেহেদী হাসান তপু (ব্রাদার্স), আবু মুর্শেদ (আরামবাগ), এম রবিন (ইয়ংমেন্স), মিঠুন চৌধুরী (ভিক্টোরিয়া)।
