হকি দলকে শেখ হাসিনার অভিনন্দন
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এশিয়ান গেমস বাছাই হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের খেলোয়াড়, অধিনায়ক, কোচ এবং ম্যানেজারকে শনিবার অভিনন্দন জানিয়েছেন।
সাত জাতির এই বাছাই টুর্নামেন্টে বাংলাশে ১৬ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে এবং এশিয়ান গেমসের চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ টুর্নামেন্টের শেষ ম্যাচে হংকংকে ২ -- ০ গোলে পরাজিত করে।
এক বিবৃতিতে শেখ হাসিনা আগামী দিনেও বাংলাদেশ হকি দল আন্তর্জাতিক অঙ্গনে তাদের জয়ের ধারা অক্ষুন্ন রেখে দেশের জন্য সুনাম বয়ে আনতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন।
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী এবং দলের যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল পৃথক বিবৃতিতে বাংলাদেশ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন।
