২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েই এশিয়াড হকির চূড়ান্ত পর্বে বাংলাদেশ

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার হংকংকে ২ -- ০ গোলে পরাজিত করার মাধ্যমে যমুনা ব্যাংক এশিয়ান গেমস বাছাই পর্ব হকিতে স্বাগতিক বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

আশরাফুল শিশু ও রাসেল মাহমুদ জিমির দুই গোলের সুবাদে বাংলাদেশ আন্তর্জাতিক হকি  চ্যাম্পিয়নশিপের স্বাদ পেলো। দুটি গোলই হয়েছে খেলার দ্বিতীয়ার্ধে।

শুরু থেকে বাংলাদেশ ও হংকং আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করে। তবে খেলার প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধের ২৪ মিনিটের মাথায় স্বাগতিক দলের মশিউর রহমানের ঠেলে দেওয়া একটি বল প্রতিপক্ষের জালে পাঠিয়ে দিয়ে দলকে প্রথম গোল এনে দেন শিশু।

বাংলাদেশ দলের দ্বিতীয় গোলের পিছনে প্রধান ভূমিকা রেখেছেন জাহিদুল ইসলাম রাজন। খেলা শেষ হওয়ার মিনিট তিনেক আগে হংকংয়ের পেনাল্টি কর্নার থেকে তিনি আক্রমণের নেতৃত্ব দেন। তার কাছ থেকে বল পেয়ে জিমি তা সজোরে হংকংয়ের জালে পাঠিয়ে দিয়ে গোল ব্যবধান দ্বিগুন করেন।

হংকং খেলায় গোল করার কয়েকটি সুযোগ পেলেও বাংলাদেশের ডিফেন্ডারদের প্রবল বাধার মুখে তারা আর গোলের দেখা পায়নি।

ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলাদেশের অধিনায়ক শহীদুল্লাহ টিটু বলেন, ফলাফলে আমরা খুবই খুশি। পুরো টুর্নামেন্টে আমাদের প্রাধান্য ছিল। এশিয়ান গেমসের  চূড়ান্ত পর্বেও এ ধারা বজায় রাখতে আমরা চেষ্টা করবো।

তিনি আরও বলেন, এশিয়ান গেমসে খেলতে যাওয়ার আগে আত্মবিশ্বাস বাড়াতে আমাদের উচিৎ বিদেশের মাটিতে আরও আন্তর্জাতিক ম্যাচ খেলা। 

ম্যাচ শেষে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন।

বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম, এশিয়ান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক পি আলাগেন্দ্রা ও হকি ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জয়ের সুবাদে বাংলাদেশ ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে। অবশ্য এর আগেই চলতি বছরের দোহার পরবর্তী এশিয়ান গেমস টুর্নামেন্টে স্থান পাকাপোক্ত করে ফেলেছিল বাংলাদেশ।

দিনের অপর খেলায় ওমান ২-০ গোলে ইরানকে ও চাইনিজ তাইপে ৯-০ গোলের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে।

সাত জাতির এ টুর্নামেন্টে রানার আপ ওমান ১৩ পয়েন্ট ও চাইনিজ তাইপে ১২ পয়েন্ট নিয়ে বাছাই পর্বে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।

উল্লেখ্য, বাছাই পর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ ছাড়াও ওমান, চাইনিজ তাইপে ও হংকং (১২ পয়েন্ট) দোহার এশিয়ান হকির চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।