২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া গেমস বাছাই হকিতে জয় পেয়েছে চাইনীজ তাইপে, হংকং

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার যমুনা ব্যাংক এশিয়ান গেমস বাছাই হকি টুর্নামেন্টের নিজ নিজ খেলায় জয় পেয়েছে চাইনীজ তাইপে এবং হংকং।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 08:07 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

চাইনীজ তাইপে পিছিয়ে পড়েও ওমানকে ৩ - ১ গোলে হারিয়েছে। টুর্নামেন্টে তাইপের এটি দ্বিতীয় জয়। প্রথমার্ধে খেলা ১ - ১ গোলে অমীমাংসিত ছিল।

প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হারলেও তিন ম্যাচে তাইপের ভান্ডারে জমা পড়েছে ছয় পয়েন্ট। আরও তিনটি ম্যাচ বাকি রয়েছে তাদের।

খেলার ১১ মিনিটে ওমানের সামির হালিয়াস ফিল্ড গোলের মাধ্যমে দলকে এগিয়ে দেন। ১৬ মিনিটে পাল্টা একটি ফিল্ড গোল থেকে খেলায় সমতা ফেরান তাইপের ওয়াং জুই হাও। এরপর ৪৪ এবং ৪৬ মিনিটে আরও দু’টি গোল করেন ওয়াং মিং কুয়ান।

অন্যদিকে প্রথম দুই ম্যাচে জয় পেলেও এই প্রথম পরাজয়ের স্বাদ পেলো ওমান।

দিনের অপর ম্যাচে হংকং একই ব্যবধানে হারিয়েছে সিঙ্গাপুরকে। প্রথমার্ধে বিজয়ী দল ১ - ০ গোলে এগিয়ে ছিল। হংকংয়ের পক্ষে ৩২, ৪৬ এবং ৬৫ মিনিটে আরিফ একাই তিন গোল করেন।

৬১ মিনিটে সিঙ্গাপুরের হয়ে একটি গোল পরিশোধ করেন রবীন্দ্রন।

তিন ম্যাচে হংকংয়ের সংগ্রহ ছয় পয়েন্ট। অন্যদিকে তিনটি পরাজয় এবং একটি জয় পাওয়া সিঙ্গাপুরের বাকি রয়েছে দু’টি ম্যাচ।