অবশেষে শনিবার থেকে শুরু হচ্ছে এসএ গেমসগামী ফুটবল দলের অনুশীলন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে তহবিল প্রাপ্তির আশ্বাস পাওয়ার পর অবশেষে আসন্ন এসএ গেমসের জন্য বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ ফুটবল দলের অনুশীলন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
আগস্টে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এসএ গেমস (সাফ গেমস হিসেবেই বেশি পরিচিত)।
সোমবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ এবং ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের মধ্যকার এক বৈঠকেই তহবিল সমস্যার সমাধান বেরিয়ে আসে। এই তহবিল সংকটের কারণেই মূলত ফুটবল দলের অনুশীলন এক সপ্তাহ পর শুরু হচ্ছে।
বৈঠক শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, ক্রীড়া প্রতিমন্ত্রী শিগগিরই ফুটবল দলের অনুশীলন শুরু করার পরামর্ম দিয়েছেন এবং প্রাথমিকভাবে দশ লাখ টাকার নিশ্চয়তা দিয়েছেন। বাকি অর্থ পর্যায়ক্রমে দেয়া হবে বলে জানান হেলাল।
এসএ গেমসকে সামনে রেখে অন্যান্য ইভেন্টের অনুশীলন চলছে পুরোদমে। কিন্তু তহবিল সংকটের কারণে ফুটবল দলের অনুশীলন এতদিন ঝুলে ছিল। ফুটবল দলের ১০০ দিনের আবাসিক অনুশীলনের জন্য ফুটবল ফেডারেশন ৪১ লাখ টাকার বাজেট পেশ করেছিল।
