২০১১ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অথবা ফাইনাল ম্যাচ আয়োজনের প্রস্তাব দেবে বাংলাদেশ
২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অথবা ফাইনাল ম্যাচ নিজেদের মাটিতে আয়োজনের প্রস্তাব দেবে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়াও ২০১১ ক্রিকেট বিশ্বকাপের সহ আয়োজক হচ্ছে ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আলী আসগর লবী বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, আমরা বাংলাদেশে বিশ্বকাপের উদ্বোধনী অথবা ফাইনাল ম্যাচ আয়োজনের প্রস্তাব করবো।
বোর্ডের সহ সভাপতি আজিজ আল কায়সার টিটো, সাধারণ সম্পাদক মাহবুব আনাম, যুগ্ম সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুন, রফিকুল ইসলাম বাবু এবং সিইও মাহমুদুর রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
দুবাইতে আইসিসির সভায় যোগদান শেষে বুধবার দেশে ফেরা বিসিবি সভাপতি জানান, বিশ্বকাপের এখনও অনেক দেরি আছে, পাকিস্তানে বিশ্বকাপ আয়োজকদের সচিবালয় গঠিত হবে এবং বিশ্বকাপের চার আয়োজক দেশ মিলে সব কিছু চুড়ান্ত করবে।
আইসিসি সভায় অনুষ্ঠিত ভোটাভুটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ বিডের বিরুদ্ধে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার যৌথ বিড ১০ -- ৩ ব্যবধানে জিতে ২০১১ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক হওয়ার গৌরব লাভ করে।
বিশ্বকাপের মোট ৫১ টি ম্যাচের মধ্যে বাংলাদেশ আয়োজন করবে ছয়টি ম্যাচ। বিড প্রস্তাবে বাংলাদেশের তিনটি ভেন্যু হিসেবে রয়েছে- মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং নারায়ণগঞ্জ ওসমানি স্টেডিয়াম।
লবী বলেন, বিডিংয়ের নিয়মানুযায়ী আমরা মিরপুর, বঙ্গবন্ধু এবং ফতুল্লা স্টেডিয়ামের নাম প্রস্তাব করেছি। এর সাথে বঙ্গবন্ধু স্টেডিয়াম ফিরে পাওয়ার জন্য কোন রকম দুরভিসন্ধি কিংবা রাজনীতি জড়িত ছিল না।
বুধবার দুবাই থেকে ফিরে বিশ্বকাপের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়াম ফিরে পাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন লবী।
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই বাংলাদেশের ক্রিকেটের শুরু উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, দেশের মানুষ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপের খেলা দেখতে চাইলে আমরা দেশের বৃহত্তর স্বার্থে এই মাঠেই বিশ্বকাপের আয়োজন করবো।
যেহেতু সাময়িক সময়ের জন্য বিসিবি বঙ্গবন্ধু স্টেডিয়াম চাইছে সেহেতু ফুটবল ফেডারেশনের কোন সমস্যা হবে না বলে মনে করেন আলী আসগর।
বিসিবি সাধারণ সম্পাদক মাহবুব আনাম বিশ্বকাপ আয়োজনে সরকার এবং দেশের সকল ফেডারেশনের সহযোগিতা কামনা করেন।
জাতীয় ক্রীড়া পরিষদ ২০০৫ সালের ১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বুঝিয়ে দেয়। এরপর স্টেডিয়ামের পাঁচটি ক্রিকেট পিচ খুঁড়ে ফেলে ফুটবল ফেডারেশন।
এরই ধারাবাহিকতায় ক্রীড়া পরিষদ মিরপুর স্টেডিয়ামের কর্তৃত্ব ছেড়ে দেয় ক্রিকেট বোর্ডকে। বর্তমানে মিরপুর স্টেডিয়ামকে ‘হোম অব ক্রিকেট’ হিসেবে গড়ে তোলা হচ্ছে।
২০১১ ক্রিকেট বিশ্বকাপের সহ আয়োজক হওয়ায় বোর্ড সভাপতি আলী আসগর লবী সরকার, ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড়, আম্পায়ার, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনের শুরুতে বিসিবি সভাপতি চট্টগ্রামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট চলাকালীন সময়ে সাংবাদিক ও ফটো সাংবাদিকদের ওপর পুলিশের বর্বর হামলার ঘটনায় ক্ষমা প্রার্থনা এবং দুঃখপ্রকাশ করেন।
