২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করলেন শচীন

আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন প্রচার সংস্থা সাচি অ্যান্ড সাচি ৪০ মিলিয়ন ডলারের বিনিময়ে তারকা ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের এজেন্ট হিসেবে নিয়োগ পেয়েছে। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট কর্মকর্তা এবং গণমাধ্যমগুলো শচিনের সাথে চুক্তির বিষয়টি প্রকাশ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 04:31 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়ার্ল্ডটেলের সাথে শচিনের দশ বছরের চুক্তির মেয়াদ গত বছর শেষ হয়ে গেছে। সাচির নতুন মার্কেটিং শাখা ‘আইকনিক্স’ ভারতের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের সাথে চুক্তির কাজটি সম্পন্ন করে।

সাচির ভারতীয় শাখার প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক ভি সান্থাকুমার শচিনের মত একজন তারকাকে তাদের (আইকনিক্স) প্রথম ক্লায়েন্ট হিসেবে পাওয়াকে অনেক বিরাট অর্জন বলে মনে করছেন।

সান্থাকুমার বলেন, শচিন একজন ক্রিকেটারের চাইতেও অনেক বেশি কিছু, সে (শচিন) তরুণ এবং প্রবীণ ক্রিকেটারদের জন্য রোল মডেল।

আইকনিক্সের প্রধান নির্বাহী আরও জানান, শচিন এখনও দেশের তারুণ্যের প্রতীক এবং ক্রিকেট পন্ডিতদের মতে সে এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান।

সান্থাকুমার জানান, শচিনের সাথে তাদের চুক্তিটির মেয়াদ তিন বছরের এবং এজন্য তাদের ব্যয় হচ্ছে এক দশমিক আট বিলিয়ন রুপী (৪০ মিলিয়ন ডলার)। চুক্তির অর্থের পরিমানকে সান্থাকুমার সম্মানজনক বললেও এর বেশি কিছু তিনি জানাতে অপরাগতা প্রকাশ করেন।

টেন্ডুলকার বর্তমানে তার পুরনো কাঁধের ইনজুরি থেকে সেরে ওঠার জন্য লড়াই করছেন। ইনজুরির কারণেই শচিন সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ মিস করেন। তাছাড়া এ মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটিও মিস করবেন ভারতীয় এই লিটল মাষ্টার।

তবে আগামী সপ্তাহে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ন হতে পারলে ২ জুন থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে তাকে দেখা যেতে পারে।

এদিকে নতুন এজেন্টের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে শচিন নিজেও বেশ খুশি।  এক বিবৃতিতে শচিন জানান, আমার যাবতীয় বিষয় সমূহ আইকনিক্স বেশ ভালোভাবেই দেখবে বলে আমি মনে করি এবং এ ব্যাপারে তাদের প্রতি আমার সম্পূর্ন আস্থা রয়েছে।

১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ভারতীয় এই ব্যাটিং জিনিয়াস ৩৫ টি টেস্ট এবং ৩৯ টি ওয়ানডে সেঞ্চুরি করেছেন। টেস্টে ১০৪৬৯ রান টেন্ডুলকারকে সেরা টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ব্রায়ান লারা, অ্যালান বোর্ডার এবং স্টিভ ওয়াহ’র পরই জায়গা করে দিয়েছে। একই সাথে ৩৬২ ওয়ানডে ম্যাচে ১৪১৪৬ রান করে টেন্ডুলকার বিশ্বের অন্যতম সেরা ওয়ানডে ব্যাটসম্যান।

কিন্তু সাম্প্রতিক বাজে ফর্মের কারণে শেষ ১১ টেস্টে তার গড় দাঁড়িয়েছে ২০ এর কিছুটা ওপরে। ইনজুরি আর বাজে ফর্ম মিলে শচিনের ক্যারিয়ারকেই হুমকির মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

তবে শচিন সম্পর্কে বর্তমানের আরেক ক্রিকেট গ্রেট ব্রায়ান লারার মন্তব্যটিই সব আশংকা উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শচিন সম্পর্কে লারার সাম্প্রতিক মন্তব্যটি হচ্ছে- ফর্ম অস্থায়ী কিন্তু ধরনটাই স্থায়ী।