২০১১ ক্রিকেট বিশ্বকাপের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়াম আবারও ফিরে পেতে চান বিসিবি সভাপতি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আলী আসগর লবী ২০১১ ক্রিকেট বিশ্বকাপের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
দুবাইতে আইসিসির নির্বাহী সভায় যোগদান শেষে বুধবার দেশে ফিরে আলী আসগর সাংবাদিকদের বলেন, বিশ্বকাপের মত বড় ক্রীড়া আসর আয়োজনে বঙ্গবন্ধু স্টেডিয়াম খুবই দরকার।
বিমানবন্দরে বিসিবি সভাপতিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান ক্রীড়া সংগঠক এবং বোর্ডের কর্মকর্তারা।
দুবাইতে আইসিসির সভায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা যৌথভাবে বিডে অংশ নিয়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে ভোটে পরাজিত করে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক হওয়ার গৌরব লাভ করে। ভোটে এশিয়া ১০ -- ৩ ব্যবধানে জয়লাভ করে। বিশ্বকাপের ছয়টি ম্যাচ বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম রাউন্ডের তিনটি এবং দ্বিতীয় রাউন্ডের তিনটি খেলা রয়েছে।
ভেন্যু হিসেবে বাংলাদেশ বঙ্গবন্ধু স্টেডিয়াম, নারায়নগঞ্জ ওসমানি স্টেডিয়াম এবং মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের নাম প্রস্তাব করেছে। তবে মিরপুর স্টেডিয়াম এখনও আইসিসির স্বীকৃতি লাভ করেনি।
বিমানবন্দরে নেমে উৎফুল্ল বিসিবি সভাপতি বলেন, আমরা আমাদের যোগ্যতার প্রমান দিতে সক্ষম হয়েছি।
তিনি জানান, বিশ্বকাপ চলাকালে পুরো বিশ্ব বাংলাদেশকে দেখবে। এর পাশাপাশি বিশ্ব বাংলাদেশের বেশ কিছু ভালো ভেন্যুও দেখতে পারবে।
জাতীয় ক্রীড়া পরিষদ ২০০৫ সালের ১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বুঝিয়ে দেয়। এরপর স্টেডিয়ামের পাঁচটি ক্রিকেট পিচ খুঁড়ে ফেলে ফুটবল ফেডারেশন।
এরই ধারাবাহিকতায় ক্রীড়া পরিষদ মিরপুর স্টেডিয়ামের কর্তৃত্ব ছেড়ে দেয় ক্রিকেট বোর্ডকে। বর্তমানে মিরপুর স্টেডিয়ামের পুনঃ নির্মান কাজ চলছে।
