২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমস হকির বাছাইয়ে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইন্দোনেশিয়া

তাজিকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ার পর প্রস্তাবিত নতুন ফিক্সচার অনুযায়ী এশিয়ান গেমস হকির বাছাই পর্বের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক শামসুল বারী বুধবার সাংবাদিকদের জানান, তাজিকিস্তান নাম প্রত্যাহার করে নেয়ায় কিছুটা সমস্যা হলেও নির্দিষ্ট সময়েই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বুধবার এশিয়ান হকি ফেডারেশনের কাছে টুর্নামেন্টের নতুন ফিক্সচার পাঠিয়ে দেওয়া হয়েছে।

আর্থিক সমস্যার কারণেই তাজিকিস্তান টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছেন বারী।

উদ্বোধনী দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং সিঙ্গাপুর। সিঙ্গাপুর ১০ মে এসে পৌঁছাবে।

এদিকে টুর্নামেন্টের দুই দল হংকং এবং ইরান তাদের চুড়ান্ত স্কোয়াড পাঠিয়েছে।

টুর্নামেন্টের মোট বাজেট ধরা হয়েছে ১৬ লাখ টাকা। এর মধ্যে দশ লাখ টাকা দেবে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর যমুনা ব্যাংক। বাকি অর্থ জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন শামসুল বারী।

টুর্নামেন্টের জন্য বাংলাদেশ স্কোয়াড বৃহস্পতিবার ঘোষিত হতে পারে। একই দিন মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে নতুন স্থাপিত টার্ফে অনুশীলন করার কথাও রয়েছে বাংলাদেশ দলের।

হকির জনপ্রিয়তা বাড়াতে কয়েকটি স্কুল, কলেজ এবং হকি ক্লাবকে কিছু নির্দিষ্ট পরিমান টিকিট ফ্রি দেওয়া হবে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক।

তবে সব কিছুই নির্ভর করছে বাংলাদেশ দলের পারফরম্যান্সের ওপর। নিজ দেশের ভালো পারফরম্যান্সই দর্শকদের মাঠে টেনে আনতে পারবে বলে বিশ্বাস করেন বারী।

টুর্নামেন্টের গ্রুপিং:

এ গ্রুপ- বাংলাদেশ, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা

বি গ্রুপ- হংকং, ওমান, চাইনীজ তাইপে, ইরান।

হংকং দল: আকবর, ফারুক, ক্রিস্টোফার জেমস, মুস্তফা, শতপল, আসিফ, হরিন্দর সিং, সোয়ালিখ, জসবির সিং, আরিফ, আসগর আলী, প্যাটট্রিক অ্যান্ড্রু, সিউ বং, প্রীতপল সিং, গুরবিন্দর সিং, গুরুদেব ধীলন, হং ওয়াং হাওয়ার্ড, কা কেই।

ইরান দল: রেজা, সাইমাক, রুহুল্লাহ, মোহাম্মদ মেহেদী, আহমাদ, মাসউদ, হামিদ, আব্দুল রেজা, রেজা আব্বাসী, মোহাম্মদ হোসেইনজাদেহ, হামিদ রেজা, মেহরান, ফাতাহি রেজা, মোহাম্মদ আলী, আরশ, নুরুজ্জাদেহ, আরমান, মাজিদ।