পাকিস্তানের ক্রিকেটারদের ধারাবাহিকভাবে বিশ্রাম দেওয়া হচ্ছে
ওয়েস্ট ইন্ডিজ অনুষ্ঠেয় আগামী ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেটের আগে পাকিস্তানের সেরা ক্রিকেটারদের সুস্থ রাখার জন্য ধারাবাহিকভাবে বিশ্রাম দেওয়া হচ্ছে। পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক এ তথ্য জানান।
ইনজামাম বলেন, “বিশ্বকাপ টুর্নামেন্টের আগে আমরা ৭৫ টি ম্যাচ খেলবো এবং ক্রিকেটারদের আবসাদ ও ফিটনেস সমস্যাটি আসলেই ভয়াবহ।”
তিনি আরও বলেন, “তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বড় টুর্নামেন্টে আমাদের ক্রিকেটারদের সুস্থ রাখার জন্য টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড়দের ধারাবাহিকভাবে বিশ্রামে রাখার।”
পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদী টেস্ট ক্রিকেট থেকে সাময়িক অবসর গহনের সিদ্ধান্ত নেওয়ার পর পিসিবি এই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের আগে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। সেখানে তারা ৪ টি টেস্ট ও ৫ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে।
নভেম্বর-ডিসেম্বর মাসে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ টি টেস্ট ও ৩ টি একদিনের ম্যাচ খেলবে পাকিস্তান।
ইমজি বলেন, “খেলোয়াড়রা নিঃশেষ হয়ে যাচ্ছে। শেষ কয়েকটি ম্যাচ লক্ষ্য করে দেখা যাচ্ছে, ক্রিকেটারদের উৎসাহ ও প্রেরণা কমে যাচ্ছে।”
ইংল্যান্ড সফরের আগে প্রশিক্ষণ শিবিরে কয়েকজন নতুন ক্রিকেটার ডাক পাবেন বলে জানান পাকিস্তানের অধিনায়ক।
