রুনীকে বিশ্বকাপে ইংল্যান্ড দলে দেখতে চান কোচ এরিকসন
বিশ্বনন্দিত ফুটবল খেলোয়াড় ওয়েন রুনীর পায়ের আঘাত সত্বেও ইংল্যান্ডের কোচ সভেন গোড়ান এরিকসন তাকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভূক্ত করতে বদ্ধপরিকর।
এ প্রসঙ্গে এরিকসন বলেন, রুনী একজন বিশ্বমাপের খেলোয়াড় বিধায় আসন্ন বিশ্বকাপে আমাদের উচিত তাকে খেলার পর্যাপ্ত সুযোগ দেয়া।
তিনি বলেছেন বিশ্বকাপ জয় করতে পারে এমন বিশ্বসেরা চার/পাঁচটি দলের অন্যতম হচ্ছে ইংল্যান্ড। এ অবস্থায় রুনীর মতো একজন পারদর্শী খোলায়াড় দলে থাকা অত্যন্ত জরুরী।
যদিও ইংল্যান্ড দলে বেশ কয়েকজন বিশ্বসেরা খেলোয়াড় রয়েছে, তারপরও রুনীর মত খেলোয়াড়ের অনুপস্থিতি দলের জন্য উদ্বেগের বিষয় বলেও তিনি জানান।
ইংল্যান্ডের কোচ অবশ্য বলেছেন, আমাদের জন্য সুখবর হচ্ছে, অপর তারকা খেলোয়াড় মাইকেল ওয়েন পায়ের আঘাত থেকে সেরে উঠছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
প্যারাগুয়ের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম খেলা অনুষ্ঠিত হওয়ার এখনও ৬ সপ্তাহ (১০ জুন) থাকায় ইংল্যান্ড কোচ আশা করেছেন, এই সময়ের মধ্যে রুনী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
