২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১১ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সহ - আয়োজক হওয়ায় ক্রিকেটার, কর্মকর্তাদের অভিনন্দন

২০১১ ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে এশিয়ার তিনটি দেশের সাথে বাংলাদেশ সহ - আয়োজক হওয়াকে ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তারা একে দেশের ক্রিকেটের জন্য বিরাট এক অর্জন বলে অভিহিত করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 09:04 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

রোববার দুবাইতে আইসিসির সভায় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের যৌথ বিডের বিরুদ্ধে এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ১০ -- ৩ ভোটের ব্যবধানে জিতে ২০১১ ক্রিকেট বিশ্বকাপ আয়োজকের সম্মান লাভ করে।

এশিয়ার চার দেশের এই যুগ্ম বিড ভোটে ‘এশিয়া’ নামেই অভিহিত হয়। আইসিসি’র সভায় এশিয়ার প্রতিনিধিত্ব করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ইন্দরজিত সিং বিন্দ্রা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আলী আসগর লবীও বর্তমানে দুবাইতে অবস্থান করছেন।

বিশ্বকাপের সহ -- আয়োজক হওয়ার পর ইংল্যান্ড সফররত ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম টেলিফোনে বিডিনিউজের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, এটা বাংলাদেশের জন্য বিরাট এক অর্জন। আমি একে আমাদের যৌথ প্রয়াসের ফল বলে মনে করি। তবে এখানেই শেষ নয়, সবেমাত্র শুরু। ক্রিকেটবিশ্বে বাংলাদেশের মর্যাদা তুলে ধরতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

বাংলাদেশের এই অর্জনে খুশি ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। সুমন বিডিনিউজকে জানান, এই অর্জনের জন্য বাংলাদেশ গর্ববোধ করতে পারে। তিনি ২০১১ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য কামনা করেন।

বাশার বলেন, আমি ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ দলের সাথে থাকবো না, কিন্তু যেহেতু নিজেদের মাটিতে খেলা আশা করি বাংলাদেশ বিশ্বকাপে ভালো খেলবে।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খানের কন্ঠেও ঝড়ে পড়েছে খুশি। আকরাম বলেন, আমি সত্যিই গর্বিত। ১৯৯৭ সালে আইসিটি ট্রফি জয়ী দলের অধিনায়ক আকরাম জানান, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এ ধরনের আনন্দের ঘটনা এর আগে ঘটেনি।

তিনি বলেন, দেশের কোটি কোটি মানুষ নিজেদের মাটিতে বিশ্বকাপের খেলা দেখবে, এটা আসলেই বিশাল এক পাওয়া।

কথা প্রসঙ্গে আকরাম খান গত ১৬ এপ্রিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার ঘটনা স্মরণ করে বলেন, এ ব্যাপারে আমাদের আরও সতর্ক হতে হবে, কারণ আয়োজকদের চোখ সব সময় খোলা থাকবে। একই ঘটনার পুনরাবৃত্তি হলে সেটা দেশের জন্য খুবই দুঃখজনক হবে বলে মনে করেন সাবেক অধিনায়ক।