বিশ্বকাপ ক্রিকেট ২০১১: অবকাঠামোগত সুবিধা এবং অভিজ্ঞতাই অস্ট্রেলেশিয়াকে বিডে এগিয়ে রাখবে
২০১১ বিশ্বকাপ ক্রিকেট আয়োজক হওয়া নিয়ে পুরো ক্রিকেট বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে, এটা পুরনো খবর। একদিকে এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ, আর অপর দিকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তবে এ ক্ষেত্রে শক্তিশালী অবকাঠামোগত সুবিধা এবং অভিজ্ঞতার বিচারে বিডে অস্ট্রেলেশিয়াই এগিয়ে থাকবে।
কার ভাগ্যে শিকে ছিঁড়বে? দুবাইতে রোববার আর্ন্তজাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার যৌথ বিডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিড নিয়ে আলোচনায় বসবে। তবে জুলাইতে লর্ডসে আইসিসির বার্ষিক সভায় চুড়ান্ত করা হবে ২০১১
সালের বিশ্বকাপ আয়োজক দেশ।
১৯৯২ সালে যৌথভাবে বিশ্বকাপ ক্রিকেটের সফল আয়োজক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যে নিয়মানুযায়ী ২০১১ সালের ফেব্রুয়ারি ও মার্চে বিশ্বকাপ আয়োজক হতে পারে সে ব্যাপারে দেশ দু’টি বেশ আগে থেকেই প্রচার প্রচারনা চালিয়ে আসছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডও এই প্রচারনায় গলা মেলাচ্ছেন। তার যুক্তি হচ্ছে- অলিম্পিক এবং কমনওয়েলথ গেমসের মত বড় ক্রীড়া আয়োজনের অভিজ্ঞতা এবং অবকাঠামোগত সুবিধাই ২০০১ সালের বিশ্বকাপের বিডে অস্ট্রেলেশিয়াকে এগিয়ে রাখবে।
অলিম্পিক এবং কমনওয়েলথ গেমস ছাড়াও রাগবি বিশ্বকাপ আয়োজন করে নিজেদের অভিজ্ঞতার ভান্ডার বেশ স্ফিত করে রেখেছে অস্ট্রেলিয়া। তাছাড়া এ অঞ্চলের মানব সম্পদ বিরাট একটা ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সাদারল্যান্ড।
বিডে সফল হলে বিশ্বকাপের খেলাগুলো সমানভাবে ভাগ করে নেবে বলে ইতোমধ্যে দেশ দু’টি নিজেদের মধ্যে সবকিছু ঠিকঠাক করে রেখেছে। ফাইনাল ম্যাচের ভেন্যুর ব্যাপারে তারা কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তবে এ ক্ষেত্রে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড যে এগিয়ে থাকবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। ১৯৯২ বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল এই গ্রাউন্ডে।
অস্ট্রেলেশিয়ার ২৫৮ পৃষ্ঠার বিড প্রস্তাবে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী মার্টিন øেডেন বিডে জয়ী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন। তিনি জানান, যে কোন ধরনের বড় ইভেন্ট আয়োজনের মত ভেন্যু, নির্দিষ্ট অবকাঠামো এবং পেশাদার জনবল তাদের রয়েছে।
অন্যদিকে বিডে দেরিতে অংশ নেওয়ায় এশিয়ার যৌথ বিড কিছুটা আশংকার মধ্যে রয়েছে।
বিডে জয়ী হতে হলে প্রতিদ্বন্দ্বিতাকারীদের ১৩ টি ভোটের মধ্যে সাতটি ভোট পেতে হবে। এদিক থেকে আবার এগিয়ে রয়েছে এশিয়া, কারন যৌথ বিডেই রয়েছে এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ। তাছাড়া এ অঞ্চলের লোভনীয় টেলিভিশন স্বত্ত্বও এশিয়াকে যদি ২০১১ বিশ্বকাপ আয়োজকের সম্মান এনে দেয় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
আসিসির পূর্ন সদস্য- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের সাথে তিন সহযোগী সদস্য ইসরাইল, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত মিলে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করবে।
এ পর্যন্ত অনুষ্ঠিত আটটি বিশ্বকাপের মধ্যে ইংল্যান্ড ১৯৭৫ সালের প্রথম আসরসহ ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৯ সালের আয়োজক হয়েছে। এছাড়া ভারতীয় উপমহাদেশ ১৯৮৭, ১৯৯৬, অস্ট্রেলিয়া -- নিউজিল্যান্ড ১৯৯২ এবং দক্ষিণ আফ্রিকা -- জিম্বাবুয়ে -- কেনিয়া ২০০৩ সালের বিশ্বকাপ আয়োজন করে।
ক্যারিবিয় অঞ্চলে ২০০৭ সালের মার্চ -- এপ্রিলে অনুষ্ঠিত হবে পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট।
