বাংলাদেশের প্রশংসায় গিলক্রিস্ট
অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের সহঅধিনায়ক ও উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট শুক্রবার বাংলাদেশের ক্রিকেটের প্রশংসা করে বলেছেন, বাংলাদেশের ক্রিকেটের দ্রুত উন্নতি ঘটছে।
ফতুল্লার ওসমানী স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে গিলক্রিস্ট এ কথা বলেন।
খেলায় বাংলাদেশকে নয় উইকেটে হারানোর মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তিন ম্যাচের সিরিজ ৩--০ ব্যবধানে জয়লাভ করেছে।
গিলক্রিস্ট বলেন, দুই তিন বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে আমরা তাদেরকে (বাংলাদেশ) বিশাল ব্যবধানে পরাজিত করেছি। কিন্তু এবার আমি তাদের মধ্যে উন্নতি দেখতে পেয়েছি।
বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য গিলক্রিস্ট কোচ ডেভ হোয়াটমোরের ভূমিকার প্রশংসা করেন। এ ব্যাপারে গিলক্রিস্ট বলেন, এখন তাদের তরুণ ক্রিকেটারদের ভালো ভিত্তি রয়েছে। ডেভের মতো তাদের ভালো নেতৃত্ব ও ভালো সমর্থক রয়েছে। আমি মনে করি বাংলাদেশের ক্রিকেট দলের জন্য এটি উৎসাহব্যঞ্জক লক্ষ্মণ।
প্রথম দু’ম্যাচে বাংলাদেশকে হারানোর কারণে আগেই সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় শুক্রবারের তৃতীয় ও শেষ ম্যাচে ব্রেট লি, নাথান ব্র্যাকেনের পাশাপাশি বিশ্রাম নিয়েছেন অধিনায়ক রিকি পন্টিং। তার স্থলে সহঅধিনায়ক গিলক্রিস্ট দলকে নেতৃত্ব দেন।
লি ও ব্রাকেনকে বিশ্রাম দেওয়ায় অস্ট্রেলিয়ার বোলিং বিভাগ অনভিজ্ঞ একটি সাইডে পরিণত হয়েছিল বলে স্বীকার করে নিয়ে গিলক্রিস্ট বলেন, তারা যে কয়েকটি ম্যাচ খেলেছে তা বিবেচনায় আনলে এটি আসলেই একটি অনভিজ্ঞ সাইড ছিল। আমরা শুক্রবারের ম্যাচকে এভাবেই দেখেছি। আর এ কারণে আমরা নতুনদেরকে একটা সুযোগ দিয়েছি। তারা যেভাবে সুযোগকে কাজে লাগিয়েছে, তা বেশ ভালো একটা দিক। আমি নিশ্চিত এ অভিজ্ঞতা থেকে তারা লাভবান হবে।
গিলক্রিস্ট বলেন, বাংলাদেশে এবারের সফর তারা পুরোপুরি উপভোগ করেছেন। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তারা পরিবেশের সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে পেরেছেন।
তিনি বলেন, অবশ্য এটা ঠিক প্রথম টেস্টের প্রথম দিনে আমরা ভালো করতে পারিনি। কিন্তু অধিকাংশ সময় আমাদের ভালোই কেটেছে।
প্রসঙ্গত, বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দুই টেস্টের সিরিজ ২--০ ব্যবধানে ও তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ ৩--০ ব্যবধানে স্বাগতিক বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে।
