৩য় ম্যাচে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার ৩--০ ব্যবধানে ওডিআই সিরিজ জয়
ঢাকার অদূরে নারায়ণগঞ্জের ফতুল্লার ওসমানী স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শুক্রবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে।
এ জয়ের মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়নরা স্বাগতিক বাংলাদেশকে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে স্বাগতিক দলকে হোয়াইটওয়াশ করে ৩--০ ব্যবধানে সিরিজ জিতে নিল।
জয়ের জন্য ১২৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়া মাত্র ২২ ওভার দুই বল মোকাবিলা করে একটি মাত্র উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে শুক্রবার নিজের অভিষেক ম্যাচে মার্ক কসগ্রোভ নান্দনিক ৭৪ রান করেন।
অভিষেক ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতে নেওয়া কসগ্রোভ ৬৯ বল মোকাবিলা করে সাতটি চার ও দু’টি ছক্কার সহায়তায় তার ইনিংসটি সাজান। জয় থেকে তার দল মাত্র দুই রান দূরে থাকতে কসগ্রোভ বাংলাদেশের স্পিনার আব্দুর রাজ্জাকের বলে বোল্ড আউট হয়ে যান।
এছাড়া অপর উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন কাটিচ ৪২ রান করে অপরাজিত থাকেন। ৬৯ বল মোকাবিলা করে কাটিচ মেরেছেন পাঁচটি চারের মার।
একুশ বছর বয়স্ক কসগ্রোভের স্থলে ব্যাট করতে নামা নতুন ব্যাটসম্যান ব্রাড হগ রাজ্জাকের পরের বলটিকে কভার ড্রাইভ করে বল পাঠিয়ে দেন সীমানার বাইরে। সেই সাথে সাথে তার দল পেয়ে যায় জয়ের জন্য প্রয়োজনীয় রান।
এর আগে সকালে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে। সিরিজে ব্যাটসম্যানদের যথারীতি ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিক দল ৪২ দশমিক ৩ ওভার খেলে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান সংগ্রহ করতে সমর্থ হয়। চলতি সিরিজে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ দল আবারো পুরো পঞ্চাশ ওভার ব্যাট করতে ব্যর্থ হলো।
শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বনিু সংগ্রহ। সফরকারীদের বিরুদ্ধে বাংলাদেশে সর্বনিু সংগ্রহ হচ্ছে ১০৫। ২০০৩ সালে বাংলাদেশে প্রথম অস্ট্রেলিয়া সফরকালে কেয়ার্নসে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ এ রান করে।
ডানহাতি ফাস্ট বোলার ব্রেট লি ও বামহাতি নাথান ব্রাকেনের অনুপস্থিতিতে শুক্রবারের ম্যাচে অস্ট্রেলিয়ার বোলিং বিভাগ দ্বিতীয় সারির বোলিং অ্যাটাকে পরিণত হয়। কিন্তু এই সুবিধাটাও বাংলাদেশের ব্যাটসম্যানরা কাজে লাগাতে পারেননি।
এ ম্যাচে খেলেননি নিয়মিত অধিনায়ক রিকি পন্টিং। তার স্থলে শুক্রবার দলকে নেতৃত্ব দেন সহঅধিনায়ক ও উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট। অবশ্য ম্যাচের দ্বাদশ ব্যক্তি হিসেবে মাঠে ঠিকই থেকেছেন পন্টিং।
তৃতীয় একদিনের ম্যাচে বাংলাদেশও দু’টি পরিবর্তন আনে। ধারবাহিক ব্যাটিং ব্যর্থতার কারণে দ্বিতীয় ম্যাচে দল থেকে বাদ পড়া আশরাফুল হক ও অসুস্থতাজনিত কারণে খেলতে না পারা মারকুটে ব্যাটসম্যান আফতাব আহমেদ দলে ফিরে আসলেও বাংলাদেশের ব্যাটিং স্কোরে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি।
অনভিজ্ঞ বোলিং বিভাগ নিয়েও সাফল্য পেতে অস্ট্রেলিয়াকে খুব বেশি দেরী করতে হয়নি। ম্যাচের প্রথম ওভারের তৃতীয় বলেই বামহাতি বোলার মিচেল জনসন লেগ বিফোর উইকেট করে শূণ্য রানে সাঁজঘরে ফেরত পাঠান বাংলাদেশের বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসকে।
চতুর্থ ওভারেই ব্রেট ডোরে আফতাব আহমেদকে গিলক্রিস্টের শিকারে পরিণত করেন। দলে ফিরে আসাকে উপভোগ করতে পারেননি আশরাফুলও। অলরাউন্ডার জেমস হোপসের বলে মিডউইকেটে ড্যান কালেনের হাতে তিনি ক্যাচ তুলে দেন। তিনি করেছেন মাত্র ১৩ রান।
উপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় এক পর্যায়ে বাংলাদেশ ৪১ রানে তিন উইকেট হারিয়ে বসে। এ বিপর্যয় থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক হাবিবুল বাশার ও রাজিন সালেহ। অনিয়মিত বোলার মাইকেল ক্লার্কের বলে সুইপ করতে গিয়ে রাজিন বোল্ড আউট হওয়ার আগে চতুর্থ উইকেট জুটিতে তারা ১০৯টি বল মোকাবিলা করে ৩৯ রান সংগ্রহ করেন।
রাজিন ১০২ বল মোকাবিলা করে পাঁচটি চারের সহায়তায় দলীয় সর্বোচ্চ ৩৭ করেন।
রাজিন আউট হয়ে যাওয়ার পর বাশারও বেশিক্ষণ টিকতে পারেননি। ব্রাড হগের বলে প্রলুব্ধ হয়ে ক্রিজ থেকে বেরিয়ে এসে এগিয়ে মারতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে যান। তিনি ৫০ বল মোকাবিলায় ৩৩ রান করেন।
মধ্যম সারির ব্যাটসম্যানরা কিছুটা প্রতিরোধ গড়তে সক্ষম হলেও উপরের সারির মতো নিচু সারির ব্যাটসম্যানরা শুক্রবার ব্যর্থ হয়েছেন। খালেদ মাসুদ (১১) তাদের মধ্যে কেবল দুই অঙ্কের কোটা অতিক্রম করতে সক্ষম হন। বাংলাদেশের শেষ চার উইকেট পড়েছে মাত্র সাত রানে। সিরিজের প্রথম দুই ম্যাচেও শেষের দিকের ব্যাটসম্যানরা দলকে ভালো কোনো স্কোর উপহার দিতে পারেননি।
অস্ট্রেলিয়ার পক্ষে শুক্রবারের ম্যাচে সবচেয়ে সফল বোলার ছিলেন বামহাতি স্পিনার ব্রাড হগ। তিনি ১৭ রানে তিনটি উইকেট নেন। অবশ্য পুরো সিরিজেই তিনি দারূন বল করেছেন। তিন ম্যাচ খেলে তিনি উইকেট নিয়েছেন নয়টি। আর ধারাবাহিক সাফল্যের সুবাদে তিনি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
অবশ্য পেস বোলার মিচেল জনসন ও অফ স্পিনার ড্যান কালেনের অবদানকেও খাটো করে দেখা যাবে না। তারা প্রত্যেকে দু’টি করে উইকেট নিয়েছেন যথাক্রমে ২৪ ও ২৫ রান খরচ করে।
এর আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন বিভাগীয় স্টেডিয়ামে ২৩ এপ্রিল অনুষ্ঠিত সিরিজের প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া চার উইকেটে বাংলাদেশকে পরাজিত করে। আর ফতুল্লার ওসমানী স্টেডিয়ামে ২৬ এপ্রিল বুধবার অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দল পরাজিত হয় ৬৭ রানে।
সফরকারী অস্ট্রেলিয়া শনিবার দেশে ফিরে যাবে বলে জানা গেছে।
ম্যাচের সেরা খেলোয়াড়, ম্যাচের সর্বোচ্চ বাউন্ডারি হাঁকানো ও দ্রুতগতিতে অর্ধশতক রান করার জন্য মার্ক কসগ্রোভ জিতে নিয়েছেন ৩৫০০ মার্কিন ডলার। আর সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হিসেবে বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশারের দ্ইু হাজার মার্কিন ডলার জিতে নেয়াই শুক্রবারের ম্যাচে বাংলাদেশের একমাত্র ইতিবাচক অর্জন।
