২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লেমিংয়ের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৬৫/৬

কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের অপরাজিত সেঞ্চুরির সুবাদে কেপটাউনে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে উদ্বোধনী দিন শেষে ৬ উইকেটে ২৬৫ রান সংগ্রহ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2006, 09:00 AM

Updated : 26 Apr 2022, 03:37 PM

আলোর স্বল্পতার কারণে টেস্টের প্রথম দিনে ১২ ওভার খেলা কম হয়। ব্ল্যাকক্যাপ্স অধিনায়ক ফ্লেমিং ১১৪ রানে অপরাজিত আছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

কিউই দলনায়ক ফ্লেমিং ১৬ টি বাউন্ডারির সাহায্যে ১১৪ রানে করেন। এটি তার নবম টেস্ট সেঞ্চুরি। অপরপ্রান্তে রয়েছেন ড্যানিয়েল ভেট্টরি। কিউই অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটসম্যান নাথান এস্টল ৭১ বলে ৫০ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। চতুর্থ উইকেট জুটিতে এস্টল ও ফ্লেমিং ১০৬ রান সংগ্রহ করেন।

প্রোটিয়াস ফাস্ট বোলার মাখায়া এনটিনি ৬৫ রানে ৩ টি উইকেট তুলে নেন। কেপটাউনে দ্বিতীয় টেস্টের উদ্বোধনী দিনে চমৎকার নৈপুণ্য দেখান পেসার এনটিনি। প্রথম টেস্টেও তিনি ১০ উইকেট তুলে নিয়ে সফরকারী কিউইদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেন।

কিউই উদ্বোধনী ব্যাটসম্যান ফুলটন, স্টাইরাস ও ম্যাককুলামকে অল্প রানেই ফিরিয়ে দেন এনটিনি।

তবে এনটিনি দ্বিতীয় টেস্টে সতীর্থ অভিজ্ঞ ফাস্ট বোলার শন পোলককে পাছেন না। পিঠের ব্যথার কারণে তিনি খেলতে পারছেন না। পোলকের বদলে মাঠে নামা ফাস্ট বোলার আন্দ্রে নেল তুলে নেন ২ টি উইকেট।