টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত বদলেছেন আফ্রিদি
টেস্ট ক্রিকেট থেকে সাময়িক অবসরের ঘোষণা পাল্টে ফেলেছেন পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আফ্রিদির এই সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানিয়েছে।
আফ্রিদি এ মাসের প্রথম দিকে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। সীমিত ওভারের ক্রিকেটে আরও বেশি মনোযোগী হওয়ার জন্যই ২০০৭ বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত নিজেকে টেস্ট অঙ্গন থেকে দুরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেন পাকিস্তানি এই অল রাউন্ডার।
পিসিবির মুখপাত্র আব্বাস জায়েদি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, বোর্ড সভাপতি শাহরিয়ার খানের অনুরোধেই অবসর ঘোষনা প্রত্যাহার করেন আফ্রিদি।
জাতীয় স্বার্থে এবং তার ওপর চাপের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করে দেখা হবে বলে শাহরিয়ার খান আফ্রিদিকে তার সিদ্ধান্ত পূর্নবিবেচনা করার অনুরোধ জানিয়েছিলেন।
আফ্রিদির সিদ্ধান্ত পরিবর্তনের মানে দাঁড়াচ্ছে জুলাই -- আগস্টে পাকিস্তানের ইংল্যান্ড সফরে, নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজ এবং আগামী বছরের শুরতে দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তান দল এই অল রাউন্ডারের কার্যকর সার্ভিস পেতে যাচ্ছে।
অতিরিক্ত ম্যাচ শিডিউলই আফ্রিদিকে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য করে, তাছাড়া পরিবারকেও যথেষ্ট সময় দিতে পারছিলেন না তিনি। এপ্রিলের মাঝামাঝিতে এমনটাই জানিয়েছিলেন আফ্রিদি। সে সময় পাকিস্তানের সাবেক কিংবদন্তী ক্রিকেটার ইমরান খান আফ্রিদির সিদ্ধান্তকে ‘আবেগতাড়িত’ বলে অভিহিত করেন।
অন্যদিকে আইসিসির সভাপতি এহসান মানি আফ্রিদির টেস্ট ক্রিকেট থেকে সরে আসার সিদ্ধান্তের সমালোচনাও করেন।
আক্রমনাত্মক ব্যাটসম্যান এবং কার্যকর লেগ স্পিনার হিসেবে পরিচিত আফ্রিদি দুই ধরনের ক্রিকেটেই তার প্রতিভার স্ফুরণ ঘটিয়েছেন সমানভাবে। ২৪ টেস্টে তার রয়েছে ১৬৩৪ রান এবং ৪৪ উইকেট। গত বছর জানুয়ারিতে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে করেন ক্যারিয়ার সেরা ১৫৬ রান।
১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নাইরোবিতে ওয়ানডে ম্যাচে ৩৭ বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ডটি এখনও তার দখলে রয়েছে। আফ্রিদি ২২২ ওয়ানডে ম্যাচে ৪৮২৪ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ১৮৪ টি।
