২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশা জাগিয়েও ফতুল্লায় কার্ডিফের স্মৃতি ফিরিয়ে আনা সম্ভব হলো না

নারায়ণগঞ্জ ওসমানি স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ যখন অস্ট্রেলিয়াকে ২৫০ রানে আটকে ফেলে তখন একবার মনের কোনে উঁকি দিয়েছিল কার্ডিফের সেই সুখস্মৃতি। মনে হচ্ছিল ইতিহাসের পুনরাবৃত্তিই হতে যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

কিন্তু মাঠের পরিস্থিতি ছিল ভিন্ন। পরে ব্যাটিং করে ২৫০ রান টপকানো খুব একটা সহজ ছিলো না বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার।

ফলে যা হবার তাই হয়েছে। গ্রামীনফোন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অস্ট্রেলিয়া জিতে নিয়েছে ৬৭ রানে। সেইসাথে ২ -- ০ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে ক্যাঙ্গারু বাহিনী।

ম্যাচ পরবর্তী ব্রিফিংয়ে অধিনায়ক বাশার কার্ডিফ আর ফতুল্লার উইকেটের মূল চরিত্র ব্যবচ্ছেদ করলেন এভাবে- দু’টি পিচের চরিত্র সম্পূর্ন ভিন্ন। কার্ডিফের পিচে বল পড়ে ঠিকভাবে ব্যাটে আসে, কিন্তু এখানকার উইকেটে বল পড়ে ব্যাটে আসে দেরিতে। এই ধরনের উইকেটে পরে ব্যাটিং করে ২৫০ রান তাড়া করাটা বেশ কঠিন।

তাছাড়া অস্ট্রেলিয়ার ইনিংসে অ্যান্ড্রু সাইমন্ডস এবং মাইকেল ক্লার্কের মধ্যকার চতুর্থ উইকেট জুটিতে ফাটল ধরাতে পারলে বাংলাদেশ বেশ ভালোভাবেই ম্যাচে থাকতে পারতো বলে মনে করেন অধিনায়ক। বাশারের মতে এই দুই ব্যাটসম্যান খুবই ভালো খেলেছে এবং ম্যাচের ফলাফল নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছে।

৬৫ রানে তিন উইকেট হারানোর পর সাইমন্ডস এবং ক্লার্ক চতুর্থ উইকেট জুটিতে ১৪০ রান তুলে দলের বিপর্যয় সামাল দেন। সাইমন্ডস ঠান্ডা মাথায় খেলে তার পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন। তার ১২৫ বলে সাজানো ১০৩ রানের অপরাজিত ইনিংসটিতে ছয়টি বাউন্ডারি এবং দু’টি ছক্কার মারও ছিল। আর ক্লার্ক ৯০ বলে করেন ৫৪ রান। 

বাশার জানান, বাংলাদেশ সাধারণত এ ধরনের উইকেট থেকে সুবিধা আদায় করে নিতে পারদর্শী নয়, তাছাড়া অস্ট্রেলিয়াকেও এরকম উইকেটে লড়তে হয়েছে। তবে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করতে পারতো কিন্তু টপ অর্ডার ধসে পড়ায় সেটা আর সম্ভব হয়নি বলে বাশারের ধারনা।

বাংলাদেশ নিজেদের ইনিংসের চতুর্থ ওভারের মাঝামাঝিতে তিন টপ অর্ডার ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস (০), রাজিন সালেহ (০) এবং তুষার ইমরানকে (২) হারায়। প্রথম দিকের এই ধাক্কাতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

ইনিংসের শুরুতেই ধসের পর কেন অলক কাপালীকে ছয় নম্বরে নামানো হলো না এমন প্রশ্নের জবাবে বাশার জানান, গত কয়েক ম্যাচে টেলএন্ডাররা রান পাচ্ছে না, টিম ম্যানজমেন্টের ইচ্ছেতেই জেনুইন ব্যাটসম্যানদের শেষদিকে নামানো হয়।

নিজের পারফরম্যান্স সম্পর্কে বাশার জানান, নিয়মিত রানের মধ্যে থাকা সত্যিকার অর্থেই আনন্দদায়ক, কিন্তু সেটা দলের কাজে লাগলে সেটা আরও বেশি আনন্দদায়ক। 

অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংও ২৫০ রানকে জয়ের জন্য যথেষ্ট বলে মনে করেন। আর দলে যেহেতু ব্যাটসম্যানের অভাব নেই তাই ৬৫ রানে তিন উইকেট হারানোর পরও বিচলিত হননি পন্টিং।

যেকোন সিরিজ জয়কেই আনন্দের বলে মনে করেন পন্টিং। অনবদ্য দু’টি ইনিংসের জন্য সতীর্থ অ্যান্ড্রু সাইমন্ডস এবং মাইকেল ক্লার্ককেও ধন্যবাদ জানাতে ভোলেননি অসি অধিনায়ক।