২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও দল থেকে বাদ পড়লেন আশরাফুল

নারায়ণগঞ্জ ওসমানি স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। দ্বিতীয় ম্যাচের জন্য কোচ ডেভ হোয়াটমোর মঙ্গলবার ১১ সদস্যের বাংলাদেশ দলের নামও ঘোষণা করেছেন। তবে ঘোষিত দলে নেই দলের টপ অর্ডারের অন্যতম সেরা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। আশরাফুলের জায়গা নিয়েছেন অলক কাপালী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 06:42 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

বেশ কয়েকদিন ধরেই নিজের ফর্ম ফিরে পেতে লড়াই করে আসছেন প্রতিভাবান এই ব্যাটসম্যান। মূলত এই ফর্মহীনতার জন্যই তাকে এই বিশ্রাম দেওয়া। ছোটখাটো কয়েকটি পরিসংখ্যানের দিকে তাকালেই দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের ফর্মহীনতার চিত্রটা বোঝা যাবে। শেষ পাঁচটি ওয়ানডেতে আশরাফুল সাকুল্যে রান করেছেন ৩৭। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচও রয়েছে। শেষ ম্যাচে পাঁচ রান করতে আশরাফুলকে খেলতে হয়েছে ২৩ টি বল।

বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজেও আশরাফুল নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। দুই টেস্টের চার ইনিংসের রানগুলো যথাক্রমে এরকম- ২৯, ৪, ৬ এবং ২৯।

পাকিস্তানে হতাশাজনক পারফরম্যান্সের পর আশরাফুল গত ২০০৩ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজেও দল থেকে বাদ পড়েছিলেন।

তবে স্কোয়াড ঘোষণা করে কোচ ডেভ আশরাফুলের প্রত্যাবর্তনের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন। ডেভ জানান, এই মুহূর্তে আশরাফুল বাজে সময়ের মধ্যে যাচ্ছে, তার আত্মবিশ্বাসও কমে গেছে। তার ভবিষ্যতের কথা ভেবেই আমরা তাকে বিশ্রাম দেওয়ার কথা ভেবেছি।

কার্ডিফে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আশরাফুলের ১০০ রানে ভর করেই বাংলাদেশ ঐতিহাসিক এক জয় পায়, আর আশরাফুল পরিনত হন কার্ডিফ হিরোতে। প্রতিভাবান এই ব্যাটসম্যান ৬৭ ওয়ানডেতে ১৯ দশমিক ৫০ গড়ে আটটি হাফসেঞ্চুরি এবং একটি সেঞ্চুরিসহ ১২০৯ রান করেছেন।

অধিনায়ক হাবিবুল বাশার জানিয়েছেন, আশরাফুলের ওপর সব সময়ই প্রত্যাশার চাপটা থাকে বেশি, ফর্মহীনতার কারণে সে প্রত্যাশার চাপ নিতে পারছিলো না। ফলে দলই চাইছিল আশরাফুল বিশ্রামে যাক।

তবে সেরা একজন ব্যাটসম্যানকে বাইরে রেখে স্কোয়াড গড়াকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন বাশার। দল আশরাফুলের কার্যকর সার্ভিস থেকে বঞ্চিত হবে বলে মনে করেন অধিনায়ক।

এক প্রশ্নর জবাবে ৩৩ বছর বয়স্ক বাশার জানান, দলে যেহেতু প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই সেহেতু দলে কেউই স্থায়ী নয়।

২০০০ -- ০১ সালে অভিষেক হওয়ার পর থেকে এ পর্যন্ত ১২টি ওয়ানডে মিস করেছেন আশরাফুল।