২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ফিরতে চায় বাংলাদেশ

 ফতুল্লায় দ্বিতীয় ওয়ানডের জন্য বাংলাদশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 05:58 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

আর ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন টপ অর্ডারের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল।

আশরাফুলের জায়গায় অলক কাপালীর অর্ন্তভুক্তিটাই দলের সবচেয়ে বড় পরিবর্তন, তবে পরিবর্তন রয়েছে আরেকটি। সেটা বোলিং ডিপার্টমেন্টে। প্রথম ম্যাচে মাশরাফির সাথে নতুন বলের সঙ্গী সৈয়দ রাসেলকে সরিয়ে দলে ঢুকেছেন আরেক পেসার শাহাদত হোসেন রাজীব।

অধিনায়ক হাবিবুল বাশার আশরাফুলকে দলে না রাখার বিষয়ে জানান, টানা ম্যাচ খেলায় ক্লান্ত আশরাফুলের বিশ্রামের দরকার ভেবেই তাকে দলে রাখা হয়নি। তবে অন্য পরিবর্তন সম্পর্কে অধিনায়ক কিছু জানাননি। 

এদিকে চট্টগ্রামে ঘটনাবহুল কয়েকটি দিন কাটিয়ে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া এখন ঢাকায়। ফতুল্লায় বুধবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে প্রস্তুত দু’দলই। আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়েই সিরিজে ফিরতে চাচ্ছে স্বাগতিকরা।

চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে চার উইকেটে হারলেও স্বল্প পুঁজি নিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের প্রচন্ড চাপের মধ্যে ফেলতে সক্ষম হয় হাবিবুল বাশারের দল। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ছয় ওভার বাকি থাকতে খুঁড়িয়ে খুঁড়িয়ে ম্যাচ জেতে।

সোমবার ফতুল্লা স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে কোচ ডেভ হোয়াটমোরও বুধবারের ম্যাচে জয়ের ব্যাপারে তার ইচ্ছের কথা জানিয়েছেন। ‘বুধবারের ম্যাচটি জেতার পাশাপাশি সিরিজেও ফিরতে চাই আমরা, আর এটা আমাদের সবসময়ের লক্ষ্য।’ ডেভের কথায় উদ্দেশ্য পরিস্কার।

শ্রীলঙ্কায় জন্মগ্রহনকারী এই অস্ট্রেলিয়ান কোচ জানান, বড় দৈর্ঘ্যর ম্যাচে যদি আমরা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারি তাহলে বুধবারের ম্যাচেও জয় পাওয়া সম্ভব, সেইসাথে সিরিজেও সমতা ফেরানো সম্ভব।

অধিনায়ক হাবিবুল বাশারের কণ্ঠেও কোচের কথার প্রতিধ্বনি শোনা গেছে। তিনি জানান, বাংলাদেশ এখন সব ম্যাচে জয়ের চিন্তা মাথায় রেখেই মাঠে নামে। দ্বিতীয় ওয়ানডেতেও একই লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। আর জয়ের মধ্য দিয়ে সিরিজে ফেরার ব্যাপারে অধিনায়ক যথেষ্ট আশাবাদী।

কথা প্রসঙ্গে নিজের ক্যারিয়ার শুরুর দিকের কথা টেনে আনলেন বাশার। বললেন- ‘আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি তখন সব সময়ই চাইতাম সবাই যেন বাংলাদেশকে সম্মান করে। আমি মনে করি বাংলাদেশ এই মুহূর্তে সেই জায়গায় পুরোপুরি না হলেও কাছাকাছি পৌঁছাতে পেরেছে।’

বাশারের মতে সত্যিকার অর্থেই দলের পারফরম্যান্স এখন অনেক ভালো। ৩৩ বয়স্ক বাংলাদেশের সফল এই অধিনায়কের মতে এখন প্রতিটা ম্যাচেই দলকে আরও বেশি দৃঢ়তা দেখাতে হবে। বাংলাদেশ দলের অবস্থা আগের যেকোন সময়ের তুলনায় এই মুহূর্তে অনেক ভালো বলে মনে করেন বাশার।

অধিনায়ক জানান, প্রথম ম্যাচের ভুলগুলো দ্বিতীয় ম্যাচে কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে। তাছাড়া ফতুল্লার ম্যাচে ইনিংসের শুরুর দিকে যতটুকু সম্ভব উইকেট ধরে রাখার চেষ্টা করবে বাংলাদেশ। অন্তত অধিনায়কের পরিকল্পনা এটাই।

বাংলাদেশ স্কোয়াড: শাহরিয়ার নাফিস, রাজিন সালেহ, হাবিবুল বাশার, আফতাব আহমেদ, খালেদ মাসুদ, অলক কাপালী, তুষার ইমরান, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক এবং শাহাদত হোসেন রাজীব।