মেয়াদ শেষ হওয়ার পরও একমাস থাকবেন ক্রুসিয়ানি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ আর্জেন্টিনার ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী ৪ আগস্ট। তবে মেয়াদ শেষ হওয়ার পরও একমাস দলের সাথে থাকবেন ক্রুসিয়ানি।
সোমবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে। কমিটির চেয়ারম্যান কাজী সালাহউদ্দিন বৈঠকে সভাপতিত্ব করেন।
এ ব্যাপারে ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ছাইদ হাছান কানন বিডিনিউজকে জানিয়েছেন, ক্রুসিয়ানির মেয়াদ ৪ আগস্ট শেষ হলেও সে সময় সাফ গেমস চলায় তাকে আরও একমাস দলের সাথে রাখা ছাড়া কোন বিকল্প ছিল না।
বৈঠকে কমিটির সদস্যবৃন্দ, ফুটবল ফেডারেশনের সহ সভাপতি মনির হোসেন, সদস্য গোলাম রব্বানী এবং ইমতিয়াজ সুলতান জনি উপস্থিত ছিলেন।
কানন আরও জানান চার মাসের মধ্যে স্পন্সর জোগাড় করা সম্ভব হলে ক্রুসিয়ানির মেয়াদও আরও এক বছর বাড়ানো হতে পারে।
এদিকে ২৫ জন ফুটবলারকে নিয়ে মে মাসের প্রথম সপ্তাহ (২ থেকে ৫ মে) থেকে বিকেএসপিতে সাফ গেমসের প্রস্তুতি শুরু করবে জাতীয় দল।
সাফ গেমসে জাতীয় ফুটবল দলের ম্যানেজার হিসেবে সালাহউদ্দিনকে নিয়োগের সিদ্ধান্তও গৃহিত হয় বৈঠকে।
তবে এসব কিছুই নির্ভর করছে ফুটবল ফেডারেশনের সম্মতির ওপর। ফেডারেশন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সুপারিশের সাথে একমত হলে ক্রুসিয়ানির সাথে সাফ গেমসের দল নির্বাচনের জন্য বসবে ব্যবস্থাপনা কমিটি। কমিটি শিগগিরই ফেডারেশনে তাদের সুপারিশগুলো উত্থাপন করবে।
