নতুন চুক্তি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে বিরোধ
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা যদি ১০ দিনের মধ্যে বোর্ডের সাথে নতুন চুক্তি করতে ব্যর্থ হয় তাহলে জাতীয় দল থেকে তাদের বাদ দেওয়া হবে বলে কঠোরভাবে সতর্ক করেছে সে দেশের ক্রিকেট বোর্ড কর্মকর্তারা।
গত বছর দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে দল গঠনের সময় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারস এসোসিয়েশন ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের চুক্তি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে এবং সেই বার ওয়েস্ট ইন্ডিজ বোর্ড দ্বিতীয় সেরা দল মাঠে নামিয়ে পরিস্থিতি সামাল দেয়।
ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, খেলোয়াড়দের ৩ মে তারিখের মধ্যে নতুন চুক্তি করতে হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
ডব্লিউআইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, “ক্রিকেটাররা চুক্তিতে স্বাক্ষর না করলে বিকল্প খেলোয়াড় নির্বাচন করা হবে।”
সম্প্রতি উইন্ডিজ দলনায়ক শিবনারায়ণ চন্দরপল নিজ ইচ্ছায় অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দানান।
গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জাতীয় দলের শীর্ষ খেলোয়াড়দের নতুন চুক্তি করার সময়সীমা বেঁধে দেয়। কিন্তু তার পরও বোর্ড প্রতিনিধি ডেরিক মারি ও ক্রিকেটারস এ্যাসোসিয়েশনের প্রধান দিনানাথ রামনারিনের মধ্যে কোনও সমঝোতা হয়নি।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আশা করছে, খেলোয়াড়দের সাথে তারা আলাদা আলাদাভাবে বিদেশ সফর চুক্তি ও দলে খেলোয়াড়দের ধরে রাখার বিষয়ে নতুন চুক্তি করতে সমর্থ হবে।
এদিকে আগামী শনিবার এন্টিগুয়াতে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলার জন্য মাঠে নামবে জিম্বাবুয়ে। এই সফরে জিম্বাবুয়ে ৭ টি ওয়ান ডে ম্যাচ খেলবে।
এরপর ৪ টি টেস্ট ও ৫ টি ওয়ান ডে ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত।
