২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মঙ্গলবার থেকে জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা

বন্দরনগরী চট্টগ্রামে লালদীঘি ময়দানে মঙ্গলবার শুরু হচ্ছে শতবর্ষের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা এবং বৈশাখী মেলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 04:38 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান প্রধান অতিথি হিসেবে জব্বারের বলি খেলার ৯৭ তম আসর উদ্বোধন করবেন।

গ্রামীণ খেলাধুলার মধ্যে সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কুস্তিগীররা তাদের শারীরিক শক্তি ও  কৌশলের পরিচয় দিতে আসবেন। 

ইতিহাস থেকে জানা যায়, বিংশ শতাব্দীর শুরুতে চট্টগ্রামের বাঁদরপট্টি এলাকায় আব্দুল জব্বার সওদাগর নামের একজন বিশিষ্ট সমাজসেবক বাস করতেন। স্থানীয় যুবকদের সংগঠিত করে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে আন্দোলনের গড়ে তোলার লক্ষ্যেই ১৯০৬ সালে তিনি প্রথম এই কুস্তির আসরের আয়োজন করেন। তখন থেকে আজ পর্যন্ত জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা দেশের সবচেয়ে বৃহৎ লোকজ সংস্কৃতির মিলন মেলা হিসেবে পরিচিতি পেয়ে আসছে।

ক্ষুদ্র ও কুটির শিল্পের কয়েক হাজার ব্যবসায়ী দেশের বিভিন্ন স্থান থেকে আকর্ষণীয় সব বাহারী বস্তু এবং মনমাতানো গৃহস্থালী জিনিসপত্র নিয়ে লালদীঘির ময়দানে ভিড় করতে শুরু করেছে।

লালদীঘি ময়দানকে কেন্দ্র করে চার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন প্রকার মনোহারী বস্তু যেমন, ঐতিহ্যবাহী খাবার, পিঠা, মৌসুমী ফল, আসবাবপত্র, খেলনা, পটারি, বাচ্চাদের পোশাক, কসমেটিকস, প্লাস্টিক  সামগ্রী এবং অন্যান্য জিনিসপত্র, তৈরি পোশাক এবং রান্নার সামগ্রী ও শোপিস পাওয়া যাবে।

লালদীঘি ময়দানের এ মিলন মেলাকে সফল করতে একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে এবং ময়দানে ও ময়দানের বাইরে সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

সুষ্ঠভাবে মেলা পরিচালনার জন্য সরকারিভাবে ময়দানের চারপাশে পুলিশি নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা করা হয়েছে।