২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি কাপে আল আহেদের কাছে হারলো ব্রাদার্স

পুরো শক্তির দল নিয়েও ব্রাদার্স ইউনিয়ন দশ জনের জর্ডানের আল আহেদ ক্লাবের বিরুদ্ধে জিততে পারেনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 09:40 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

বঙ্গবন্ধু স্টেডিয়ামে মঙ্গলবার এএফসি কাপের খেলায় জর্ডানের ক্লাবটির বিরুদ্ধে ৩ -- ১ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাদার্স।  বিজয়ী দলের আলী আতই, মোহাম্মদ আল আলী এবং আব্বাস কেনান একটি করে গোল করেন, অন্যদিকে ব্রাদার্সের হয়ে একটি গোল পরিশোধ করেন তপু।

প্রথমার্ধে দু’টি দলই সমানতালে লড়াই করে একটি করে গোল তুলে নেয়। কিন্তু বিরতির পর খেলার ৫১ মিনিটে দশজনের দলে পরিনত হওয়া আল আহেদ ক্লাবের খেলা সম্পূর্ন পাল্টে যায়।

একজন কম নিয়ে বরং অতিথি দলটির আক্রমনের ধার বেড়ে যায়। দ্বিতীয়ার্ধে গোল পাওয়ার পাশাপাশি অন্তত হাফ ডজন গোলের সুযোগ পেয়েছে আল আহেদ।

বিপরীতে ব্রাদার্স নিজেদের চেনা মাঠেও ছিল নি®প্রভ। দ্বিতীয়ার্ধে এলোমেলো -- অগোছালো খেলা উপহার দেয় গোপীবাগের দলটি। ফলে প্রথমার্ধের ছন্দ ধরে রাখতে পারেনি ব্রাদার্স।

খেলার পঞ্চম মিনিটেই গোল করে এগিয়ে যায় আল আহেদ। আবু বকরের ফ্রিকিকের বলে মাথা ছুঁয়ে বল ব্রাদার্সের জালে ঠেলে দেন আব্বাস আতই। ১৬ মিনিটে ব্রাদার্সের এমিলির একটি শট আল আহেদের ক্রসপিস উঁচিয়ে বাইরে চলে যায়।

৪০ মিনিটে তপু দুইবারের চেষ্টায় গোল করে খেলায় সমতা ফেরান। মিডফিল্ডার প্রাণতোষেরে কাছ থেকে বল পেয়ে তপু গোলে শট নিলেও আল আহেদের গোলরক্ষক বিলাল হিশাম দক্ষতার সাথে ফিরিয়ে দেন, কিন্তু বল আবার তপুর পায়ে গিয়ে পড়লে দ্বিতীয় দফায় আর ব্যর্থ হননি তরুণ এই স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করে দলকে লিড এনে জর্ডানের মোহাম্মদ আল আলী। আব্বাস কেনান ব্রাদার্সের ডিফেন্ডার পারভেজ বাবুকে কাটিয়ে বল ঠেলে দিলে আল আলীর জোরালো শটটি ব্রাদার্সের জালে ঠাঁই করে নেয়।

এই গোলের পরই দশ জনের দলে পরিনত হয় আল আহেদ। শ্রীলঙ্কান রেফারী এজিসি দেশাপ্রিয়া জর্ডানের হাসান নাসারাল্লাহকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিস্কার করেন।

কিন্তু দশ জনে পরিনত হওয়ার পর আল আহেদের আক্রমনের ধার আরও বেড়ে যায়। আল আহেদের একের পর এক আক্রমনে দিশেহারা ব্রাদার্সের ডিফেন্সকে এ সময় নিজেদের রক্ষণদূর্গ আগলাতেই বেশি ব্যস্ত থাকতে হয়েছে।

৭৬ মিনিটে দেশসেরা গোলরক্ষক আমিনুল এবং ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝির সুযোগে তৃতীয় গোল পেয়ে যায় আল আহেদ। আলতো টোকায় বল জালে জড়ান আব্বাস কেনান।