পুলিশের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, বিসিবি - সাংবাদিকরা ৯ দফা ঐকমত্যে পৌঁছেছে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সোমবার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার চলতি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা শুরুর আগে ও মধ্যাহ্নভোজের বিরতির সময় স্টেডিয়ামের ভেতরে সাংবাদিকদের ওপর হামলা ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাংবাদিকদের দাবিদাওয়া সম্বলিত নয় দফা দাবি মেনে নেয়ায় খেলা সংক্রান্ত সংবাদ বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহারের রাস্তা প্রশস্ত হলো।
এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জানান, রোববার স্টেডিয়ামে কর্তব্যরত সাংবাদিকদের নির্যাতনের অভিযোগে সিএমপি’র ডেপুটি কমিশনার আকবর আলী খানকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। একই ঘটনায় সার্জেন্ট আনোয়ারকে বরখাস্ত করা হয়েছে।
বিসিবি কর্মকর্তাদের সাথে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হলেও ক্রীড়া সাংবাদিকরা আবার কবে থেকে খেলার সংবাদ প্রচার করবেন সে ব্যাপারে এখনো কোনো কিছু জানা যায়নি। আগে ঘোষণা দেওয়ার প্রেক্ষিতে তারা মঙ্গলবারও সংবাদ বর্জন করবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের স্পোর্টস ইন চার্জ অঘোর ম-ল জানান, কর্তৃপক্ষের সাথে বৈঠকের পর আমরা একটি ঐকমত্যে পৌঁছাতে সমর্থ হয়েছি। কিন্তু সংবাদ প্রচার বয়কট কবে প্রত্যাহার করে নেয়া হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বন্দরনগরীর হোটেল সিলমুনে বিসিবি ও সাংবাদিকদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের এক পর্যায়ে সিএমপি কমিশনার মাজেদুল হক বৈঠকে যোগ দেন এবং ক্রীড়া সাংবাদিক ও ফটো সাংবাদিকদের ওপর পুলিশি হামলার জন্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
হামলার ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সিএমপি কমিশনার সাংবাদিকদের আশ্বাস দেন। তিনি হামলার ঘটনাকে জঘন্য ও লজ্জাজনক বলে আখ্যায়িত করেন।
তিনি বলেন, যারা এ ঘটনা ঘটেছে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত।
বৈঠকে পুলিশ রোববার তাদের পক্ষে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রত্যাহার করে এবং সোমবার নতুন একটি বিবৃতি দেয়।
নতুন ওই বিবৃতিতে বলা হয়েছে, সিএমপি সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে এবং ঘটনার প্রকৃত দিকটি তুলে ধরবে।
বিসিবি ও সাংবাদিকদের মধ্যকার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, উপ মহাপুলিশ পরিদর্শক (সদরদপ্তর) আমিনুল হক ভূঁইয়া পুলিশি হামলার ঘটনার তদন্ত করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।
দর্শক, স্থানীয় ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সামনে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনার সময় নিন্দনীয় ভূমিকার জন্যে বিসিবি একটি সংবাদ বিজ্ঞপ্তি দেবে। তারা একটি পূর্ণাঙ্গ তদন্তও করবে বলে জানা গেছে।
ঘটনার সাথে জড়িত পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা ছাড়াও বিসিবি ভেন্যুতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করবে। এছাড়া প্রবেশপথে পুলিশ সদস্যের পরিবর্তে স্কাউট সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
হামলায় আহত সাংবাদিকদের চিকিৎসার সকল খরচ বিসিবি বহন করবে। পুলিশ কর্তৃপক্ষও ব্যয়ভার বহনের ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছে। যে সব সাংবাদিকদের ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।
খেলার মাঠে সাংবাদিক ও নিরাপত্তা কর্মীদের আচরণবিধি থাকবে বলে জানা গেছে।
সোমবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া বৈঠকে বিসিবির সহসভাপতি আজিজ আল কায়সার টিটো, যুগ্ম সচিব রফিকুল ইসলাম বাবু, ভেন্যু চেয়ারম্যান ও সমন্বয়ক দস্তগীর চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠক চলে ৪ ঘন্টার মতো।
সাংবাদিকদের মধ্যে শামসুল হক টেংকু, উৎপল শুভ্র, এমএম কায়সার, অঘোর ম-ল ও মাহমুদুল হাসান শামীম উপস্থিত ছিলেন।
