সাংবাদিকদের ওপর পুলিশি হামলা: সারাদেশে প্রতিবাদের ঝড়, সমন্বিত
চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে রোববার সাংবাদিকদের ওপর পুলিশের বর্বর হামলার ঘটনায় সারাদেশের সাংবাদিকরা সোমবার রাজপথে প্রতিবাদ জানানোর মধ্য দিয়ে পার করেছেন।
বিভিন্ন সাংবাদিক সংগঠনের এসব মিছিল ও সমাবেশ থেকে একই দাবী উত্থাপিত হয়েছে। আর সেটি হলো ঘটনার সাথে জড়িত চট্টগ্রাম পুলিশের উপ কমিশনার (বন্দর) আলী আকবর, সার্জেন্ট আনোয়ার ও দোষী অন্যান্য পুলিশ সদস্যদের চাকুরি থেকে অপসারন।
চট্টগ্রামে সাংবাদিকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ ফেডারেল সাাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আহ্বানে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষ অনুষ্ঠিত সমাবেশে বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, মূল অপরাধীদের চিহ্নিত করতে কোন তদন্ত কমিটির প্রয়োজন নেই। সাংবাদিকদের কাছেই রয়েছে ঘটনার প্রমান। সরকারকে এই প্রমানের ভিত্তিতেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুর রহমান মিলন, মঞ্জুরুল আহসান বুলবুল, আলতাফ মাহমুদ, ওমর ফারুক, শাহেদ চৌধুরী, পাভেল রহমান, মঞ্জুরুল হক, আমিনুল হক মল্লিক প্রমুখ।
সাংবাদিকদের সাথে একাত্মতা ঘোষণা
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিকদের প্রতিবাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের সমাবেশে যোগদান করেন। সাংবাদিকদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলাম, সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়–য়া, বাম গণতান্ত্রিক ফ্রন্টের সমন্বয়ক আবু আহম্মেদ শাহাবুদ্দিন, নারী নেত্রী শিরিন আখতার ও আফিয়া আক্তার অনু।
দেশের খ্যাতনামা ক্রীড়াবিদরাও সাংবাদিকদের সাথে একাত্মতা ঘোষণা করেন। এদের মধ্যে রয়েছেন আশরাফ উদ্দিন আহম্মেদ চুন্ন, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, জালাল আহমেদ চৌধুরী, গাজী গোলাম দস্তগীর, নাঈমুর রহমান দূর্জয়, ফজলুর রহমান বাবুল।
বিএফইউজে’র আন্দোলনের সাথে সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদও একাত্মতা ঘোষণা করে। পরিষদের পক্ষ থেকে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ডা: কামরুল হাসান ও শফিকুর রহমান।
ডিআরইউ
ঢাকা রিপোর্টার্স ইউনিটি সেগুনবাগিচাস্থ কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সংগঠনের সভাপতি শফিকুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শাহেদ চৌধুরী, আলতাফ মাহমুদ, মঞ্জুরুল হক, জাফর ওয়াজেদ, শরিফুল ইসলাম বিলু, মহসিনুল করিম লেবু, সিদ্দিকুর রহমান, খায়রুজ্জামান কামাল, শওকত ওসমান রচি, রেজাউর রহমান সোহাগ, আমিনুল হক মল্লিক, মনোয়ার হক, আজমল হক হেলাল, পথিক সাহা, সুলতান মাহমুদ বাদল এবং আরিফ রহমান।
বিপিজেএ
বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সংগঠনের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করে।
সিইউজে
চট্টগ্রাম ইউনিয়ন অব জার্নালিস্টস (সিইউজে) স্থানীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সংগঠনের সভাপতি শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আহত সাংবাদিক আলহাজ্জ্ব জহিরুল হক এবং দৈনিক প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। এছাড়া চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, সিইউজে সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, আলী আব্বাস, মোহাম্মদ ইউসুফ, নাসিরুল হক, মুস্তাক আহমেদ প্রমুখ।
চট্টগ্রাম ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এবং চট্টগ্রাম স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনও সাংবাদিকদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে সমাবেশে যোগ দেয়।
পরে সাংবাদিকরা স্থানীয় প্রেসক্লাব থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন।
ফরিদপুর
ফরিদপুরের সাংবাদিক সমাজও সাংবাদিকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন।
হামলার প্রতিবাদে ফরিদপুরের বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
নিন্দা
এদিকে সাংবাদিকদের ওপর পুলিশের বর্বর হামলার ঘটনায় দেশের সর্বস্তর থেকে নিন্দা জানানো অব্যাহত রয়েছে।
বিবৃতি প্রকাশের মাধ্যমে নিন্দা প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রধান অধ্যাপক একিউএম বদরুদ্দৌজা চৌধুরী, চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, ফুটবল ফেডারেশনের সভাপতি এসএ সুলতান, কমিউনিষ্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, জাতীয় শ্রমিক লিগ সভাপতি আব্দুল মতিন মাষ্টার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর সৈয়দ ফজলুল করিম (চরমোনাই পীর), জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল, বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক এবং ১১ দলের সমন্বয়ক দিলীপ বড়–য়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, গণতন্ত্রী পার্টি সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন হায়দার, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আশরাফুন্নেসা মোশারফ, সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, বিপ্লবী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক মোশরেফা মিশু, বাংলাদেশ ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরী, ছাত্র ইউনিয়নের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবেদ রেজা প্রমুখ।
ক্রীড়া প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে রোববার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন পুলিশ এবং ক্রীড়া ও ফটো সাংবাদিকদের মধ্যে সংঘটিত ‘অনাকাঙ্খিত ঘটনায়’ গভীরভাবে মর্মাহত হয়েছেন।
এক বিবৃতিতে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তিনি বিষয়টি নিয়ে উর্ধ্বতন মহলের সাথে আলোচনা করেছেন। প্রতিমন্ত্রী এই ঘটনার সুষ্ঠু তদন্তেরও আশ্বাস দিয়েছেন।
কর্মসূচী
সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে সাংবাদিকদের ওপর হামলাকারী চট্টগ্রামের উপ পুলিশ কমিশনার (বন্দর) আলী আকবর এবং দোষী অন্যান্য পুলিশদের চাকুরি থেকে অপসারনের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে এই দাবী পূরণ না হলে ১৯ এপ্রিল দেশের সকল সংবাদপত্র ও সংবাদ সংস্থায় সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রতীক ধর্মঘট পালনের কর্মসূচী ঘোষণা করা হয়। একইদিন সকাল ১১টায় রাজধানীর বাইরে বিএফইউজের সকল অংগসংগঠন তাদের নিজ নিজ এলাকায় বিক্ষোভ সমাবেশ করবে। ২০ এপ্রিল সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠেয় সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিউইজে সদস্যরা মঙ্গল ও বুধবার কালো ব্যাজ ধারন করবেন। ডিআরইউ মঙ্গলবার কাল ১১টা তেকে এক ঘন্টার প্রতীকি অনশন কর্মসূচী পালন করবে।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক ও ফটো সাংবাদিকদের সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচী পালন করবে।
