২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি হামলার প্রতিবাদে সভা করেছেন চট্টগ্রামের সাংবাদিকরা

বন্দরনগরী চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে রোববার কর্তব্যরত সাংবাদিকদের ওপর বর্বর ও ন্যক্কারজনক হামলার জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সোমবার এক প্রতিবাদ সভা করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, একটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনা শুধু বন্দরনগরীর নয়, সারা বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণœ করেছে।

ডিসি (বন্দর) আকবর আলী খানের নেতৃত্বে পুলিশ রোববার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে রোববার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা শুরুর আগে ও মধ্যাহ্নভোজের বিরতির সময় স্টেডিয়ামের ভেতরে কর্তব্যরত ফটোসাংবাদিকদের ওপর ন্যক্কারজনকভাবে হামলা চালায়।

চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিইউজে সভাপতি শহীদুল আলম। সভায় অন্যান্যের মধ্যে ফটোসাংবাদিক আলহাজ জহিরুল হক ও জাতীয় দৈনিক প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র উপস্থিত ছিলেন।

সভায় চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, সিইউজে সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, আলী আব্বাস, মোহাম্মদ ইউসুফ, এম নাসিরুল হক, মুস্তাক আহমেদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।

চট্টগ্রাম ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশন ও চট্টগ্রাম ক্রীড়া সাংবাদিক অ্যাসোসিয়েশন সাংবাদিকদের প্রতিবাদ আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে।

পরে সাংবাদিকরা প্রেসক্লাব থেকে একটি মিছিল বের করেন। মুষলধারে বৃষ্টির মাঝে মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এদিকে বর্তমানে বিদেশে অবস্থান করা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী রোববার এক বিবৃতিতে সাংবাদিকদের ওপর পুলিশের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

দায়ী পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবি করে মেয়র বলেন, নবঅনুমোদিত টেস্ট ভেন্যুতে কর্তব্যরত সাংবাদিকদের ওপর পুলিশের বর্বর হামলার ঘটনা সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ  করেছে।

এর আগে ভারপ্রাপ্ত সিটি কর্পোরেশন মেয়র মোহাম্মদ হোসেন হিরণ পুলিশি হামলায় আহত পূর্বকোণ সাংবাদিক অনুরূপ টিটোকে দেখতে বন্দরনগরীর রয়াল হাসপাতালে যান।