সাংবাদিকদের মারধরের ঘটনায় সিএমপি ডিসি আকবর প্রত্যাহার, সার্জেন্ট আনোয়ার বরখাস্ত
চট্টগ্রামে রোববার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে সাংবাদিকদের ওপর হামলা এবং মারধরের ঘটনায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ কশিনার আকবর আলী খানকে প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি সার্জেন্ট আনোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সোমবার বিকেলে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া সরকারের এই পদক্ষেপের কথা জানান। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উক্ত ঘটনার নিন্দা জানিয়ে বলেন সরকার বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, ঘটনার তদন্তে ডিআইজি আমিনুল ইসলামের নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সাংবাদিকদের সাথে আলাপকালে লুৎফুজ্জামান বাবর বলেন, সরকার আহত সব সাংবাদিকের চিকিৎসার ব্যয়ভার বহন করবে।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্খিত আখ্যায়িত করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, ঘটনার সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের আরও ধৈর্য্য ধারন করা উচিত ছিল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভুক্তভোগী সাংবাদিকরা অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে চাইলে আইনানুযায়ী তারা তা করতে পারবেন।
এর আগে সকালে সাংবাদিকরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ের সামনে জড়ো হলে প্রতিমন্ত্রী ঘটনার ব্যাপারে কোন মন্তব্য না করে দ্রুত স্থান ত্যাগ করেন।
পরিস্থিতি সামাল দিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বেশ কয়েকজন মন্ত্রীর সাথে বৈঠক করার পর প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।
চট্টগ্রামে স্টেডিয়ামে রোববার ডিসির নেতৃত্বে পুলিশ সদস্যরা সাংবাদিকদের ওপর বর্বর হামলা চালালে অন্তত ২০ সাংবাদিক আহত হন।
