লিভারপুল ১-০ গোলে ব্ল্যাকবার্নের বিরুদ্ধে জয়ী
ইংলিশ ফুটবল লীগে লিভারপুল ১-০ গোলে ব্ল্যাকবার্নের বিরুদ্ধে জয়ী হয়েছে। লিভারপুলের এটি টানা সপ্তম জয়।
খেলার একমাত্র গোলটি করেন লিভারপুলের স্ট্রাইকার রবি ফাউলার। বিগত পাঁচটি ম্যাচে এটি রবি ফাউলারের চতুর্থ গোল।
খেলা শুরুর আগেই লিভারপুলের অধিনায়ক স্টিফেন গেরার্ডের হ্যামস্ট্রং ইনজুরির কারণে তার নাম প্রত্যাহার করা হয়। তাছাড়া পিটার ক্রাউচ ও হ্যারি কিউইলকেও মাঠে নামায়নি লিভারপুল।
খেলার প্রথমার্ধেই লিভারপুলের স্ট্রাইকার মরিয়েনতেসের দেয়া পাসে ফাঁকা জালে ফাউলার গোলটি করেন।
প্রথমার্ধের শেষ মূহুর্তে ডিজিবরিল সিসে’র একটি শট ব্ল্যাকবার্নের গোলরক্ষক ফ্রিডেল প্রতিহত করলে তা গোলবারে লেগে ফেরত আসে। কিন্তু দ্বিতীয়ার্ধে ব্ল্যাকবার্নের প্রবল আক্রমণে লিভারপুল রক্ষনাত্মকভাবে খেলা চালিয়ে যায়।
এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লীগে অংশগ্রহণের জন্য লিভারপুলের আরও তিনটি খেলায় এখন মাত্র এক পয়েন্টের প্রয়োজন।
