চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেনি পুলিশ
বন্দরনগরী চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে রোববার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন সাংবাদিকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার ঘটনায় কোন দুঃখপ্রকাশ করেনি চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কর্তৃপক্ষ।
সিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনার মধ্য দিয়ে একদল লোক (সাংবাদিক) দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে। বিজ্ঞপ্তিতে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা তো দুরের কথা উল্টো অভিযোগ করে আরও বলা হয়, সাংবাদিকরা টেস্ট ম্যাচটি পন্ড করা চেষ্টা করেছেন।
সারা দেশের মানুষ টেলিভিশন চ্যানেলগুলোর কল্যানে সাংবাদিকদের ওপর পুলিশের এই বর্বর হামলার দৃশ্য অবলোকন করলেও সিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠের আইন শৃংখলা রক্ষার্থে পুলিশ তাদেরকে মাঠ থেকে সরে যেতে বললে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় কয়েকজন সাংবাদিক সামান্য আহত হন।
পুলিশের বিবৃতিতে শামসুল আলম টেংকুকে প্রথম আলোর ফটো সাংবাদিক হিসেবে উল্লেখ করা হয়নি। পুরো বিবৃতিতেই টেংকুকে ‘ফটো সাংবাদিক পরিচয়দানকারী’ হিসেবে বলার প্রয়াস চালানো হয়েছে
