২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম স্টেডিয়ামে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানালেন শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রামে রোববার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট চলাকালীন সময়ে স্টেডিয়ামে দায়িত্বপালনরত সাংবাদিকদের ওপর পুলিশের বর্বর হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

এক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, এই বর্বর ঘটনার মধ্য দিয়ে বিএনপি -- জামাত জোট সরকার সাংবাদিক নির্যাতনকারী হিসেবে বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের কদর্য চেহারা তুলে ধরেছে।

হাসিনা বলেন, আর্ন্তজাতিক ক্রিকেটে বাংলাদেশের আজকের গৌরবজ্জ্বল অবস্থানে উপনীত হওয়ার পেছনে সাংবাদিকদের ভূমিকা ছিল উজ্জ্বল এবং প্রশংসনীয়। বিশেষ করে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস অর্জনের পক্ষে জনমত গঠনে তারা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন।

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার প্রকাশ্যে বিদেশী অতিথিদের সামনে সাংবাকিদের লাঠিপেটা করে তাদের অপমান করেছে, দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তিনি আরও বলেন, বিএনপি -- জামাত জোট সরকারের সাড়ে চার বছরের দুঃশাসনে ১৪ জন সংবাদিক নিহত এবং আড়াই হাজার সাংবাদিক নির্যাতিত হয়েছে।

শেখ হাসিনা আহত সাংবাদিকদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফীন টুটুল পৃথক পৃথক বিবৃতিতে চট্টগ্রাম টেস্টে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন।

চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামের গেটে রোববার কর্তব্যরত সাংবাদিকদের ওপর কোন কারণ ছাড়াই হামলা চালায় পুলিশ। সাংবাদিকরা এই হামলার প্রতিবাদ জানালে পুলিশ স্টেডিয়ামের ভেতরে ঢুকে সাংবাদিকদের নির্দয়ভাবে পিটিয়ে আহত করে এবং গুলি করে হত্যার হুমকিও দেয়।