শ্রীলঙ্কাকে ধরাশায়ী করে চ্যালেঞ্জ কাপের চ্যাম্পিয়ন তাজিকিস্তান
কোন অঘটন নয়। ফেবারিট তাজিকিস্তান ফেবারিটদের মতই শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এএফসি চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতে নিয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে ৪ - ০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তাজিকিস্তান।
প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকা বিজয়ী দলের ঝুমিখন মুহিদিনভ দু’টি, খুরশেদ মাখমুদুভ ও নুমনঝন হাকিমভ একটি করে গোল করেন।
ম্যাচের ফলাফলের দকে দৃষ্টি ফেরালেই বোঝা যায় কতটা একপেশে খেলা হয়েছে। পুরো নব্বই মিনিটই বলের ওপর নিজেদের নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করে খেলে গেছে তাজিকিস্তান। তবে কোয়ার্টাফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে খেলা তাজিকিস্তানের সেই দুর্ধর্ষ চেহারা দেখা যায়নি।
বিপরীতে দৈহিক দিক থেকে পিছিয়ে থাকা শ্রীলঙ্কান ফুটবলাররা তাজিকদের গতির কাছেও পরাস্ত হয়েছে বারবার। তবে মাঠে উপস্থিত হাজার পাঁচেক দর্শক এশিয়ার দলটিকেই সমর্থন যুগিয়ে গেছে। আর এই সমর্থনের জোরেই শক্তিশালী তাজিক সীমানায় কয়েকবার হানাও দিয়েছে লঙ্কানরা। কিন্তু তাজিকিস্তানের দুর্ভেদ্য রক্ষণভাগে এসে লঙ্কানদের আক্রমনগুলো মুখ থুবড়ে পড়েছে।
তাজিক ফুটবলাররা শ্রীলঙ্কান ফুটবলারদের তুলনায় লক্ষ্যভেদে অনেক বেশি পারদর্শী ছিলেন। তাদের চারটি ভালো বলই শ্রীলঙ্কার জালে ঢুকেছে, কিন্তু নষ্ট হয়েছে আরও বেশ কয়েকটি।
তারপরও ১৬ জাতির টুর্নামেন্টে রানার্স আপ এবং ফেয়ার প্লে ট্রফি এই দু’টি পাওয়াও লঙ্কানদের জন্য কম গর্বের ব্যাপার নয়।
ম্যাচের শুরুতেই প্রথম গোল হজম করে শ্রীলঙ্কা। আর এই গোলই তাদের আর খেলায় ফিরতে দেয়নি। খেলার প্রথম মিনিটে ইব্রাগুইম রাবিমভের একটি ক্লোজ রেঞ্জ শট লঙ্কান গোলরক্ষক সুগাথ থিলাকারাতেœর হাত ফসকে বেরিয়ে গেলে ফিরতি বলে টোকা দিয়ে জালে জড়িয়ে দেন ঝুমিখন মুহিদিনভ (১ -- ০)।
৪৪ মিনিটে ডাডলি লিঙ্কনের একটি ফ্লাইং কিকে লঙ্কান স্ট্রাইকার মোহাম্মদ ইজ্জাদিন মাথা ছোঁয়াতে সক্ষম হলেও বল তাজিক গোলবার উঁচিয়ে বাইরে চলে যায়। কিন্তু এক মিনিট পরই পাল্টা একটি আক্রমন থেকে দ্বিতীয় গোল পেয়ে যায় তাজিকিস্তান। লঙ্কান বক্সের বাইরে থেকে বাঁ পায়ের কোনাকুণি শটে গোল করেন খুরশেদ মাখমুদভ (২ -- ০)।
৬১ মিনিটে ওদিল ইরগাশভের ফ্রি কিক করা বলে নুমনঝন হাকিমভ মাথা ছোঁয়ালে বল তৃতীয়বারের মত লঙ্কান জালে ঠাঁই করে নেয়। ৭০ মিনিটে শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মুহিদিনভ। বাঁ প্রান্ত থেকে ইউসুফ রাবিয়েভের বাড়িয়ে দেওয়া বলে টোকা দিয়ে জালে জড়াতে খুব একটা কষ্ট করতে হয়নি তাকে।
ইনজুরি সময়ে শ্রীলঙ্কা পরাজয়ের ব্যবধান কমিয়ে আনার সুযোগ পেলেও তাজিক গোলরক্ষক আলেকজান্ডারকে একা পেয়েও বল মাঠের বাইরে পাঠিয়ে দেন জয়সুরিয়া।
খেলা শেষে টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান এবং সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গণেশ থাপা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। অন্যদিকে শ্রীলঙ্কানদের হাতে রানার্স আপ পদক তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এসএ সুলতান।
টুর্নামেন্টের সেরা খেলায়াড় ইব্রাগুইম রাবিমভকে বাংলালিংকের পক্ষ থেকে ট্রফি প্রদান করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা লারস পি রেইখেল্ট।
টুর্নামেন্টে আট গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ফিলিস্তিনের স্ট্রাইকার ফাহাদ আত্তাল।
