২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম টেস্টে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার ঘটনায় বিভিন্ন সংগঠনের নিন্দা

চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে রোববার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন স্টেডিয়ামে দায়িত্বপালনরত সাংবাদিকদের ওপর পুলিশের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

নিন্দা জানানো সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিষ্টস (বিএফইউজে), ঢাকা ইউনিয়ন অব জার্নালিষ্টস (ডিইউজে), ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ স্পোর্টস জার্নাালিষ্টস অ্যাসোসিয়েশন।

পেশাদার সাংবাদিকদের সংগঠনগুলো সংবাদকর্মীদের ওপর পুলিশের এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সংগঠনগুলোর নেতৃবৃন্দ সাংবাদিকদের ওপর পুলিশি হামলাকে অনাকাঙ্খিত এবং লজ্জাজনক বলে আখ্যায়িত করেন।

পুলিশের হামলার প্রতিবাদে বিএফইউজে এবং ডিইউজে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে সোমবার সকাল ১১ টায় এক র‌্যালির আয়োজন করেছে।

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এবং বিরোধী দলীয় নেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফীন টুটুল চট্টগ্রাম টেস্টে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন।

সাংবাদিকদের ওপর পুলিশের হামলার নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালকবৃন্দ। বিসিবির সাবেক পরিচালকদের মধ্যে যারা নিন্দা জ্ঞাপন করেছেন তারা হলেন- প্রকৌশলী মোবাশ্বের হোসেন, এনায়েত হোসেন সিরাজ, দেওয়ান শফিউল আরেফীন টুটুল, গাজী গোলাম দস্তগীর, ড. নিজামউদ্দিন, আহমেদ সাজ্জাদুল আলম ববি, ইফতেখার হোসেন শামিম, তানজীব আহসান সাদ, হাসান তামিম, এএসএম আলী কবীর চাঁদ, এনায়েত কবীর চঞ্চল, এহতেশামুল আলম, এম হাই, বদরুল হুদা জেনু, আবু ইশাক শামিম, রেজাউর রহমান হারুন, আলহাজ্জ্ব এসএম মোর্তজা রশীদী দারা এবং প্রিন্সিপাল মামুনুর রশিদ।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন পুলিশের বর্বর হামলায় ১৩ জন সাংবাদিক আহত হন। এদিকে এই হামলার প্রতিবাদে ক্রীড়া সাংবাদিকরা চট্টগ্রাম টেস্ট বয়কট করেছেন।