চট্টগ্রাম টেস্টে সাংবাদিকদের ওপর পুলিশের বর্বর হামলা, ১৩ সাংবাদিক আহত
চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে রোববার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন স্টেডিয়ামে দায়িত্বপালনরত সাংবাদিকদের ওপর পুলিশ আকস্মিকভাবে চড়াও হয়। এ সময় পুলিশি হামলায় ১৩ জন সাংবাদিক আহত হন।
সাংবাদিক এবং ফটো সাংবাদিকদের ওপর পুলিশের এই আকস্মিক হামলায় পুরো স্টেডিয়ামের চিত্রই বদলে যায়।
সূত্র জানায়, খেলা শুরুর আগে দৈনিক প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক শামসুল হক টেঙ্কুর সাথে কথা কাটাকাটি থেকে পুলিশের এই হামলার সূত্রপাত।
পুলিশের হামলার প্রতিবাদে খেলার মধ্যাহ্ন বিরতির সময় সারাদেশ থেকে চট্টগ্রামে জড়ো হওয়া সাংবাদিকরা মাঠেই বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ প্রশাসন অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন। কিন্তু পরবর্তীতে পুলিশ কর্তৃপক্ষের সিদ্ধান্ত জানার জন্য ক্রীড়া ও ফটো সাংবাদিকরা পুনরায় জড়ো হলে পুলিশ কোন কারণ ছাড়াই সাংবাদিকদের ওপর আকস্মিকভাবে চড়াও হয় এবং বেধড়ক পেটাতে শুরু করলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়।
পুলিশি হামলায় এ সময় যুগান্তরের সিনিয়র স্পোর্টস রিপোর্টার সাইদুর রহমান মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। এছাড়াও আহতদের মধ্যে আরও রয়েছেন রানা (যায় যায় দিন), টিটু (পূর্বকোণ), রায়হান (বিডিনিউজ), রাজেশ (সমকাল), অভিজিৎ (খবরপত্র), উজ্জ্বল (নয়াবাংলা), তুহিন (আরটিভি), জাহিদ (ইন্ডিপেনডেন্ট), জাফর ইকবাল (সংগ্রাম) ।
এসময় পুলিশ ফটোসাংবাদিকদের বেশ ক’টি ক্যামেরাও ভাংচুর করে।
