এলজি আইসিসি র্যাংকিংয়ে এগিয়ে গেছেন শাহরিয়ার, রফিক এবং বাশার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস একলাফে এলজি আইসিসি প্লেয়ার র্যাংকিংয়ের ৪৫ ধাপ এগিয়ে গেছেন।
আর্ন্তজাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বৃহস্পতিবার শীর্ষ ১০০ টেস্ট ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শাহরিয়ারের ১৩৮ এবং দ্বিতীয় ইনিংসে ৩৩ রান তাকে ১০৪ তম স্থান থেকে নিয়ে গেছে ৫৯ তম স্থানে।
বৃহস্পতিবার প্রকাশিত র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ তিন অপরিবর্তিত রয়েছে। শীর্ষ তিন ক্রিকেটার হলেন যথাক্রমে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়।
তালিকার দশ নম্বরে থাকা অসি ব্যাটসম্যান মাইক হাসি উঠে এসেছেন নয় নম্বরে। অন্যদিকে পাঁচ নম্বর স্থান থেকে একধাপ নীচে নেমে গেছেন আরেক অস্ট্রেলিয়ান ম্যাথু হেইডেন।
ফতুল্লা টেস্টের প্রথম ইনিংসে ৭৬ রান বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশারকেও র্যাংকিংয়ে এগিয়ে দিয়েছে। দুই ধাপ এগিয়ে বাশার ৩১ থেকে পৌঁছে গেছেন ২৯ তম অবস্থানে।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে রাজিন সালেহ ৮০ তম স্থান থেকে সাত ধাপ এগিয়ে ৭৩ তম স্থানে এবং আফতাব আহমেদ ৯৬ তম স্থান থেকে ৯৩ তম স্থানে উঠে এসেছেন।
র্যাংকিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল, খালেদ মাসুদ, নাফিস ইকবাল এবং জাভেদ ওমরের। তারা যথাক্রমে পাঁচ, চার, তিন এবং দুই ধাপ পিছিয়ে এখন অবস্থান করছেন ৬৭, ৯৯, ৯৩ এবং ৭৭ তম স্থানে।
র্যাংিকিংয়ের বোলিং বিভাগে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে মোহাম্মদ রফিকের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ইনিংসে নয় উইকেট শিকার করা রফিক দশ ধাপ এগিয়ে এসে ২৬ তম স্থানে রয়েছেন। এই মুহূর্তে রফিকই বাংলাদেশের সর্বোচ্চ র্যাংকিং প্রাপ্ত টেস্ট বোলার।
তবে ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মোহাম্মদ আশরাফুল দুই ধাপ পিছিয়ে গেলেও তার শীর্ষস্থান ধরে রেখেছেন। বর্তমানে ৬০ তম স্থানে অবস্থান করছেন আশরাফুল।
এছাড়া আফতাব আহমেদ ৭৭ থেকে ৭১, শাহরিয়ার নাফিস ৮০ থেকে ৭৪ এবং রাজিন সালেহ ৮৭ থেকে ৭৯ তম স্থানে উঠে আসলেও হাবিবুল বাশার ৭৩ থেকে ৭৫, জাভেদ ওমর ৭৯ থেকে ৮১ তম স্থানে নেমে গেছেন। তবে অলক কাপালী তার আগের ৮৬ তম স্থানটি ধরে রেখেছেন।
